ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসতি এলাকার ছবি তুলে সেগুলিকে ভারতের দৃশ্য বলে প্রচারের অভিযোগ উঠেছিল এক দল চিনা ভ্লগারের বিরুদ্ধে। এ বার তাদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি। ভারত সরকারের আপত্তির পরেই এই পদক্ষেপ। নজরদারি শুরু হতেই চিনা ভ্লগারদের তৎপরতা অনেকটাই কমেছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের পর চিনা নাগরিকদের এই ধরনের কর্মকাণ্ড কমেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের গতিবিধির উপর নজর রাখছে। বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার টেকপাড়া ও উত্তরা এলাকায় প্রায় ১৫০ জন চিনা নাগরিক এই ধরনের ভিডিয়ো তৈরি করছিলেন। সরু গলি, ঘিঞ্জি বসতি এবং নিম্ন আয়ের মানুষের এলাকাগুলির দৃশ্য চিনের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হত। অভিযোগ, ঢাকার বিভিন্ন এলাকাকে তাঁরা নয়াদিল্লি বলে পরিচয় দিতেন। পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও অবমাননাকর মন্তব্য করতেন।
অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অজান্তেই তাঁদের বাড়িঘর ও দৈনন্দিন কাজকর্মের ভিডিয়ো করা হত। কখনও কখনও আবাসিক বাড়ির ভিতরেও ঢুকে পড়তেন ওই ভ্লগাররা। কিন্তু তাঁদের তোলা ভিডিয়ো কোথায় আপলোড করা হচ্ছে, কিংবা কী ভাবে স্থানীয় মানুষদের তুলে ধরা হচ্ছে, সে সম্পর্কে বাসিন্দাদের কোনও ধারণা ছিল না। এই কর্মকাণ্ডের পিছনে সমন্বিত অপপ্রচার অভিযান কাজ করছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
‘প্রথম আলো’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘আগে তাঁদের কর্মকাণ্ডের উপর পুলিশের কোনও নজরদারি ছিল না। প্রতিদিন একশোরও বেশি ভ্লগার এই ধরনের ভিডিয়ো তৈরি করতেন। এই কাজে বাংলাদেশের নাগরিকদেরও টাকা দেওয়া হত।’ যদিও এই অভিযোগের সত্যতা বা এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি বাংলাদেশ প্রশাসন।
গত ১০ নভেম্বর ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে সরব হয়। ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা বয়ান’ ছড়িয়ে দেশকে হেয় করার অভিযোগে ওই চিনা ভ্লগারদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানায় নয়াদিল্লি। তার পরেই বাংলাদেশে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাসপোর্ট ও ভিসা দেখাতে বলা হয়। পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসে তাঁরা কেন এই ধরনের কাজ করছেন, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অনুমোদিত থাকার মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, কিংবা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে কারও বিরুদ্ধে নির্দিষ্ট কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এ দিকে, উত্তরা ও টেকপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকায় আর চিনা নাগরিকদের দেখা যাচ্ছে না। টেকপাড়ার বাসিন্দা মহম্মদ সেলিম বলেন, ‘অসুস্থতার কারণে দু’দিন বাড়িতে রয়েছি। কোনও চিনা নাগরিককে আসতে দেখিনি।’ উত্তরা এলাকার এক রিকশাচালক ইমামুল ইসলামের দাবি, ১২ নম্বর সেক্টরের কাছে খালের উপর একটি সেতু ছিল চিনা ভ্লগারদের ‘আস্তানা’। তাঁর কথায়, ‘ওঁরা দিনরাত আমাদের ভিডিয়ো করতেন। যাত্রীদেরও ক্যামেরাবন্দি করতেন। বেশ কিছু দিন হল তাঁদের আর দেখতে পাচ্ছি না।’
ভারতের আপত্তির পর বাংলাদেশে চিনা নাগরিকদের এই কর্মকাণ্ডে নজরদারি বাড়লেও, অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।




