ক্যানিং: রাতে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘরে মশারি টাঙানোর সময় আচমকাই ঘাড়ের উপর এসে পড়ে একটি সরীসৃপ প্রাণী। কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে কামড় বসিয়ে দেয় সেটি। যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করে ওঠেন যুবক। এরপর যা করলেন, তা ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কামড়ানো প্রাণীটিকে মেরে টুকরো টুকরো করে একটি কৌটোয় ভরে সোজা হাসপাতালে ছুটলেন তিনি। কিন্তু কৌটোয় থাকা প্রাণীটি আসলে কী, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।
ঘটনাটি মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ইটখোলা মাঝেরপাড়া এলাকার। আক্রান্ত যুবকের নাম সোহেল মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ঘুমানোর আগে মশারি টাঙাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি সরীসৃপ প্রাণী তাঁর ঘাড়ের উপর পড়ে। মুহূর্তের মধ্যে কামড় বসিয়ে দেয় সেটি। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সোহেল। তাঁর চিৎকার শুনে ঘুম ভেঙে যায় পরিবারের অন্য সদস্যদেরও।
এরপর কোনও ঝুঁকি না নিয়ে প্রাণীটিকে মেরে ফেলেন ওই যুবক। শুধু তাই নয়, সেটিকে টুকরো টুকরো করে একটি কৌটোয় ভরে দ্রুত পৌঁছে যান ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকদের হাতে কৌটোয় রাখা প্রাণীটিকে তুলে দেন তিনি। পাশাপাশি শুরু হয় তাঁর চিকিৎসা। কামড়ের পর থেকেই ঘাড়ে জ্বালা, যন্ত্রণা এবং ফোলা ভাব দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন, প্রাণীটি আসলে কী? হাসপাতালে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে সেটিকে সাপ বলে মনে হয়নি। কিন্তু সাপ না হলে সেটি কোন প্রজাতির সরীসৃপ, তা এখনও স্পষ্ট নয়। প্রাণীটির চেহারা ও গঠন দেখে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন গিরগিটি, আবার কারও অনুমান, সেটি তক্ষক জাতীয় কোনও প্রাণী হতে পারে।
যদিও বিশেষজ্ঞদের পরীক্ষা ছাড়া প্রাণীটির সঠিক পরিচয় নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে সেটির কামড়ে বিষক্রিয়ার কোনও আশঙ্কা রয়েছে কি না, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসকেরা আপাতত সোহেলের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
একটি সরীসৃপ প্রাণীর কামড়কে কেন্দ্র করে রাতারাতি আতঙ্ক ছড়িয়েছে ইটখোলা মাঝেরপাড়ায়। তবে প্রাণীটির পরিচয় নিয়ে রহস্য কাটাতে এখন বিশেষজ্ঞদের পরীক্ষার দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।




