নিউজ ডেস্ক: ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠান থেকেই বিগত বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলার উৎসব, পুজো, ভাষা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে রাজনীতি করে সমাজে বিভাজন তৈরি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে সেই বিভাজন ও তুষ্টিকরণের রাজনীতি আর বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট আর ১৫ বছরের জামাত তৃণমূল - এই দুটো শক্তিকেই বাংলার মানুষের কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার কাজ করব আমরা। এরা যাতে আর কোনওদিন মাথা তুলতে না পারে, তা সুনিশ্চিত করার জন্যই বর্তমান সরকার সচেষ্ট থাকবে।”
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে শুভেন্দুর অভিযোগ, গত ১৫ বছরের শাসনকালে বাংলার শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও পরম্পরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাষার প্রশ্নকে সামনে রেখে সনাতনী সমাজের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বিহার, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে আসা ভারতীয় নাগরিকদের বারবার বহিরাগত বলে চিহ্নিত করা হয়েছে। অথচ বাংলাদেশ থেকে অবৈধভাবে এ দেশে প্রবেশকারীদের প্রতি আলাদা মনোভাব দেখানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে তুলে ধরার চেষ্টা নিয়েও তৃণমূলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে আলাদা করে রাখার কৌশল নিয়েছিল শাসকদল। ভাষা ও পরিচয়ের প্রশ্নকে হাতিয়ার করে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের শাসনকালে হাজার হাজার কোটি টাকা বেআইনিভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
ছটপুজোর আবহে হাওড়ার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ধর্ম, ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন নতুন করে সামনে এল। একই সঙ্গে আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে বিরোধীদের বিরুদ্ধে তাঁর এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।




