নিউজ ডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী? নতুন জীবনের পথে কি পা রাখতে চলেছেন অভিনেত্রী? টলিপাড়ার অন্দরে এখন এমনই জল্পনা। বেশ কিছুদিন ধরেই মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। আর এবার তাঁর বিয়ের সম্ভাব্য দিনক্ষণ, পাত্র এবং বিয়ের অনুষ্ঠান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে পারেন অভিনেত্রী। যদিও এই খবরের সত্যতা এখনও নিজে মুখে নিশ্চিত করেননি মিমি।
এই জল্পনার সূত্রপাত অভিনেত্রীর সাম্প্রতিক একটি ছবি ও ভিডিও ঘিরে। সম্প্রতি দক্ষিণ কলকাতায় নামী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা যায় মিমিকে। সাদা টি-শার্ট এবং ডেনিমে বেশ সাধারণ সাজেই সেখানে পৌঁছেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং স্টাইলিস্ট। স্টোর থেকে বেরিয়ে আসার সময় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। এমনকী স্টাইলিস্টকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে। আর তারপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি বিয়ের পোশাক কিংবা বিশেষ অনুষ্ঠানের সাজ বাছতেই সব্যসাচীর স্টোরে গিয়েছিলেন মিমি? সেই প্রশ্নই এখন ঘুরছে টলিপাড়ার অন্দরে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু জীবনসঙ্গী সিদ্ধার্থ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি নৌসেনার একজন আধিকারিক বলে দাবি করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক রয়েছে বলেও খবর। তবে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন মিমি। তাঁর প্রেম কিংবা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন তিনি।
জল্পনা আরও বলছে, নভেম্বর মাসেই আইনি বিয়ের পর্ব সেরে ফেলতে পারেন দু'জনে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিচিতদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। মিমির জন্ম জলপাইগুড়িতে। ফলে পাহাড়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত আবেগের যোগ রয়েছে। সেই কারণেই জীবনের বিশেষ মুহূর্তের জন্য পাহাড়ি পরিবেশকে বেছে নেওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে বিভিন্ন প্রতিবেদনে। বিয়ের অনুষ্ঠান ঘরোয়া হলেও কলকাতায় টলিউডের বন্ধু, সহকর্মী এবং পরিচিতদের নিয়ে আলাদা করে রিসেপশনের আয়োজন হতে পারে বলেও জল্পনা।
অন্যদিকে, বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। পর্দায় একাধিক চরিত্রে দর্শকের মন জয় করেছেন মিমি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় থেকেছেন তিনি। ফলে তাঁর জীবনের এই সম্ভাব্য নতুন অধ্যায় নিয়ে আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা অনুষ্ঠানস্থল নিয়ে অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।




