কর্নাটক: চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু আর্থিক অনিশ্চয়তা, সংসারের দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তায় সেই সাহস দেখাতে পারেন না অধিকাংশ কর্মী। এবার তাঁদের সেই ভয় কাটাতে অভিনব উদ্যোগ নিলেন এক ভারতীয় শিল্পোদ্যোগী। কর্মীদের শুধু চাকরি ছাড়ার অনুমতিই নয়, নিজের উদ্যোগ শুরু করার জন্য আর্থিক সাহায্য, পরামর্শ এবং ব্যবসায়িক যোগাযোগের সুযোগও দিচ্ছেন তিনি। এমনকি নতুন ব্যবসায় সাফল্য না এলে পুরনো সংস্থায় ফিরে আসার দরজাও খোলা থাকছে।
এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন কর্নাটকের জনপ্রিয় খাদ্যপ্রস্তুতকারী সংস্থা iD Fresh Food-এর গ্লোবাল সিইও মুস্তাফা পি সি। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সংস্থার নতুন Entrepreneurship Policy-র কথা প্রকাশ্যে এনেছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও কর্মীকে নিজের স্বপ্ন পূরণের জন্য চাকরির নিরাপত্তা বিসর্জন দিতে বাধ্য করা উচিত নয়।
LinkedIn posthttps://www.linkedin.com/posts/musthafa-p-7052082_entrepreneurship-idfreshfood-peoplefirst-activity-7523950650360193024-VAaM?utm_source=li_share&utm_content=feedcontent&utm_medium=g_dt_web&utm_campaign=copy↗মাত্র 50 হাজার টাকা নিয়ে শুরু হয়েছিল ব্যবসা
নিজের উদ্যোগের শুরুর দিনের কথা স্মরণ করে মুস্তাফা জানিয়েছেন, বেঙ্গালুরুর একটি ছোট্ট রান্নাঘর থেকে মাত্র 50 হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিল iD Fresh। সামনে ছিল অনিশ্চয়তা, ভুলভ্রান্তি এবং একের পর এক কঠিন চ্যালেঞ্জ। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক রাত নির্ঘুম কাটাতে হয়েছে।
তবে কয়েক জন মানুষের বিশ্বাস ও সহযোগিতাই তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই কর্মীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর মতে, নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন যাঁরা দেখেন, তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস, সঠিক পরামর্শ এবং প্রাথমিক নিরাপত্তা।
কী থাকছে নতুন নীতিতে?
iD Fresh-এর নতুন উদ্যোগে কর্মীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। প্রথমত, নিজের ব্যবসা শুরু করতে ইচ্ছুক কর্মীরা সংস্থার বিস্তৃত ব্যবসায়িক পরিকাঠামো এবং সহযোগী সংস্থাগুলির নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন। দ্বিতীয়ত, সংস্থার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে মিলবে ব্যবসা পরিচালনা, পরিকল্পনা এবং উদ্যোগ গড়ে তোলার বিষয়ে পরামর্শ ও মেন্টরশিপ।
তৃতীয়ত, নতুন ব্যবসা শুরু করার প্রাথমিক অনিশ্চয়তা সামাল দিতে কর্মীদের জন্য থাকবে আংশিক বেতন-সহ ছুটির ব্যবস্থা। অর্থাৎ, চাকরি ছেড়ে সম্পূর্ণ আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না তাঁদের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নতুন উদ্যোগ প্রত্যাশামতো সফল না হলে সংশ্লিষ্ট কর্মীরা আবার iD Fresh-এ ফিরে আসার সুযোগ পাবেন। ফলে ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার পাশাপাশি তাঁদের জন্য একটি বিকল্প নিরাপত্তার ব্যবস্থাও থাকছে।
ভাল কর্মী হারানোর ভয় নয়, নতুন উদ্যোক্তা তৈরির আনন্দ
সাধারণত কোনও সংস্থার দক্ষ কর্মী চাকরি ছেড়ে অন্যত্র চলে গেলে তা কর্তৃপক্ষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মুস্তাফার দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। তাঁর মতে, সংস্থার সেরা কর্মীদের বিদায় জানানো কষ্টের হলেও তাঁদের নিজেদের ব্যবসা গড়ে তুলতে দেখা আরও বড় আনন্দের। তিনি জানিয়েছেন, একদিন যদি তাঁর সংস্থার কোনও প্রাক্তন কর্মী নিজের উদ্যোগের মাধ্যমে সমাজে আরও বড় প্রভাব তৈরি করতে পারেন, তা হলে সেটাই হবে তাঁর কাছে গর্বের বিষয়।
বিদেশেও রয়েছে এমন নজির
কর্মীদের উদ্যোগপতি হওয়ার স্বপ্ন পূরণে সাহায্য করার ঘটনা অবশ্য বিশ্বে একেবারে নতুন নয়। 2021 সালে মার্কিন সংস্থা Lattice-এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক অল্টম্যানও কর্মীদের জন্য এমন একটি উদ্যোগ নিয়েছিলেন। সংস্থা ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে ইচ্ছুক কর্মীদের 1 লক্ষ ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
অল্টম্যানের বক্তব্য ছিল, কর্মজীবনের শুরুতে তাঁর নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ব্যবসা শুরু করার ঝুঁকি নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই পরবর্তী প্রজন্মের কর্মীদের একই সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। সব মিলিয়ে, কর্মীদের ধরে রাখার প্রচলিত কর্পোরেট কৌশলের বাইরে গিয়ে নতুন উদ্যোক্তা তৈরির পথ দেখাচ্ছে iD Fresh-এর এই উদ্যোগ।
সংস্থার সাফল্যের পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত স্বপ্নপূরণকেও গুরুত্ব দেওয়ার এই মডেল ভারতীয় কর্পোরেট সংস্কৃতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে। কারণ, এখানে চাকরি ছাড়া মানেই সম্পর্কের ইতি নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর পথে পুরনো কর্মস্থলকেও পাশে পাওয়ার সুযোগ।




