নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে ঘিরে নতুন বিতর্ক। এবার তাঁর দীপাবলির সাজে ব্যবহৃত একটি বিশেষ গয়নাকে কেন্দ্র করে আইনি নোটিস পাঠানো হল অভিনেত্রীকে। শুধু করিনা নন, তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকেও পাঠানো হয়েছে এই নোটিস। একটি পান্নার হারকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই বিতর্ক। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম বিনোদন মহল।
ঘটনার সূত্রপাত দীপাবলিতে করিনার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবি ঘিরে। উৎসবের সাজে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বেইজ রঙের পোশাক এবং মাথায় পাগড়িতে। তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল একটি বিশেষ পান্নার হার। জানা গিয়েছে, প্রায় ৩০ ক্যারেটের এই পান্নার উপর খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াত 'আয়াতুল কুরসি'। প্রায় ২০০ বছরের পুরনো এই গয়নাটি ভোপালের প্রাক্তন রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। বিয়ের পর সইফ আলি খানের পরিবারের সূত্রেই এই গয়না এসেছে করিনার কাছে।

এই ছবি প্রকাশ্যে আসার পরেই আপত্তি জানান মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। তাঁর অভিযোগ, পবিত্র ধর্মীয় আয়াত লেখা গয়নাকে ফ্যাশনের অংশ হিসেবে তুলে ধরা যথাযথ নয়। তাঁর মতে, এই গয়না শুধুমাত্র অলঙ্কার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস এবং ভোপালের ঐতিহ্য। সেই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান তিনি।

এরপরই ১১ নভেম্বর করিনা কাপুর এবং রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠান আব্বাস হাফিজ। সংশ্লিষ্ট ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে নোটিসে। ভবিষ্যতে ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত এমন বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
তবে এই বিতর্কে করিনার পাশে দাঁড়িয়েছে ভোপালের হিন্দু উৎসব সমিতি। সংগঠনের সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি জানিয়েছেন, নিজের ধর্মীয় ঐতিহ্য মেনে চলার অধিকার প্রত্যেকের রয়েছে। করিনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই বলেও দাবি করেছেন তিনি।
এখনও পর্যন্ত এই আইনি নোটিস নিয়ে করিনা কাপুর বা রিয়া কাপুরের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে একটি গয়নাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর বিনোদন মহলের।




