ক্যানিং: পুলিশের প্রতিটি পদক্ষেপের খবর কি আগে থেকেই পৌঁছে যাচ্ছিল বিধায়কের কাছে? তদন্তে এবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে পুলিশের গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। তদন্তকারীদের দাবি, পুলিশের গতিবিধি সম্পর্কে আগাম খবর দিয়ে বিধায়ককে বারবার পুলিশের নজর এড়াতে সাহায্য করতেন তিনি। এই গ্রেফতারিকে কেন্দ্র করে তদন্তে নতুন মোড় তৈরি হয়েছে।
ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম বিকাশ সাহানি। অভিযোগ, তিনি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে পুলিশ ও বিভিন্ন থানার অভ্যন্তরীণ গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ ছিল তাঁর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুলিশের কোন দল কখন কোথায় অভিযান চালাতে যাচ্ছে, সেই সংক্রান্ত গোপন তথ্য আগাম পৌঁছে যেত পরেশরাম দাসের কাছে। ফলে বারবার নিজের অবস্থান বদলে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করতেন বিধায়ক।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পরেশরাম দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। ক্যানিংয়ে তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সেই সময় তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের কোনও সন্ধান মেলেনি। তদন্তকারীদের সন্দেহ, পুলিশের অভিযানের খবর আগেভাগে পেয়ে যাওয়ার কারণেই বারবার নাগালের বাইরে চলে যাচ্ছিলেন তিনি। বিকাশ সাহানিকে জেরা করে এই তথ্য পাচারের নেপথ্যে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় পরেশরাম দাসকে। তাঁকে গ্রেফতারের পর সঙ্গে থাকা ব্যাগগুলি পরীক্ষা করতেই তদন্তকারীদের নজরে আসে একাধিক চাঞ্চল্যকর সামগ্রী। উদ্ধার হয় মোট ১১টি দামি মোবাইল ফোন। এর মধ্যে ছিল একাধিক আইফোন এবং নামী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন। পাশাপাশি তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা।
ধর্ষণ-সহ একাধিক অভিযোগের তদন্তের মধ্যেই এবার সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি নতুন প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের গোপন তথ্য কীভাবে বাইরে পৌঁছত? এই কাজে কি শুধু বিকাশ সাহানিই যুক্ত ছিলেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? ধৃতকে জেরা করে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আগামী দিনে এই তদন্তে আরও কারও নাম সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।




