স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের মঞ্চ তৈরি ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে একদিনের সিরিজ পকেটে পুরে নেওয়ার হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু ক্রিকেটারদের লড়াইয়ের আগেই ম্যাচের প্রতিপক্ষ হয়ে দাঁড়াল বৃষ্টি। মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে একটি বলও গড়াল না। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়াররা। ফলে সিরিজ জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে শুভমান গিলদের।
ম্যাচের আগে থেকেই হ্যামিল্টনে বৃষ্টির দাপট চলছিল। আগের দু’দিনও বৃষ্টি হয়েছে। মঙ্গলবার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও টস করানো সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা দেরিতে মাঠে আসেন দুই দলের অধিনায়ক শুভমান গিল ও মিচেল স্যান্টনার। কিন্তু টিমের তালিকা আদানপ্রদানের সময় ফের বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেই টস হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গিল। বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় বিরক্তিও প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এভাবে বসে থাকা অত্যন্ত অস্বস্তিকর। খেলা চলাকালীন বৃষ্টি হলে মনঃসংযোগেও সমস্যা তৈরি হয়।
বৃষ্টির কথা মাথায় রেখে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দুই দলকে ৪০ ওভার করে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। কিন্তু টসের পরেই ফের প্রবল বৃষ্টি নামে। একাধিকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। মাঠ শুকিয়ে খেলা শুরু করার চেষ্টা চালান কর্মীরাও। অন্তত ২০ ওভারের ম্যাচ আয়োজনের ক্ষীণ এসম্ভাবনাও ছিল। কিন্তু অবিরাম বৃষ্টিতে মাঠ খেলার উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি। সন্ধ্যাতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই ম্যাচ বাতিল হওয়ায় ভারতের কিসিরিজ জয়ের অপেক্ষা বাড়ল। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যেত গিলদের। আপাতত আগামী শুক্রবার চতুর্থ ম্যাচে ফের মুখোমুখি হবে দু’দল। নিউজিল্যান্ডের সামনে সিরিজ জেতার আর কোনও সুযোগ নেই। শেষ দুটি ম্যাচ জিতলে তারা বড়জোর সিরিজে সমতা ফেরাতে পারবে। অন্যদিকে ভারতের সামনে রয়েছে আর একটি জয় পেলেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের প্রস্তুতির আগে সেই জয়ই এখন পাখির চোখ ভারতীয় শিবিরের।




