ঢাকা: বাংলাদেশের নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ল অন্তত ৭৯ জন পড়ুয়া। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঢাকার প্রায় ১৬ কিলোমিটার দূরে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়।
অসুস্থ পড়ুয়াদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ৬৩ জনকে ভর্তি করা হয়েছে অথবা জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে ১৬ জনকে।
আশঙ্কাজনক চার পড়ুয়ার বয়স ১৪ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এক জনকে যান্ত্রিক ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের বিবৃতিতে চিকিৎসক শিকদার জানিয়েছেন, কারও শরীরে দৃশ্যমান অগ্নিদগ্ধের চিহ্ন নেই। তবে বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে ঢোকায় প্রত্যেকেরই কমবেশি শ্বাসনালিতে আঘাত লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। আশঙ্কাজনক পড়ুয়াদের পরিস্থিতি বুঝতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগবে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুত গোটা ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে পড়ুয়ারা বেরিয়ে আসার চেষ্টা করলে ধোঁয়ার কারণে বেশ কয়েক জনের শ্বাসনালিতে আঘাত লাগে। দমকল জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
হাসপাতালে চিকিৎসা করাতে আসা পড়ুয়ারা জানিয়েছেন, আগুনে মাদ্রাসার দোতলায় থাকা একটি গ্রন্থাগার সম্পূর্ণ পুড়ে গিয়েছে।




