নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের নিয়মিত পর্যালোয়া প্রক্রিয়ায় অংশ নিতে চলেছে না আমেরিকা। এর ফলে গত দু’দশকে পরিষদ গঠনের পর এই প্রথম কোনও দেশ সম্পূর্ণ ভাবে এই প্রক্রিয়া এড়িয়ে যাবে। মঙ্গলবার আমেরিকার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার কথা ছিল।
গত বছরই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে এসেছিল ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ ছিল, পরিষদ আমেরিকা ও ইজরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং যে মূল্যবোধের কথা তারা প্রচার করে, নিজেরাই তা মেনে চলে না। গত বছর নির্ধারিত পর্যালোচনায়ও অংশ নেয়নি ওয়াশিংটন। সেই বৈঠক পিছিয়ে মঙ্গলবার করা হয়েছিল, এই আশায় যে আমেরিকা হয়তো সিদ্ধান্ত বদলাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
রাষ্ট্রপুঞ্জের জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদ প্রতি চার-পাঁচ বছর অন্তর ১৯৩টি সদস্য দেশের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখে। এই প্রক্রিয়ার নাম ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’। সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন, অন্য দেশের প্রশ্নের জবাব দেন এবং সুপারিশ শোনেন। তবে কোনও দেশের প্রতিনিধি উপস্থিত না থাকলে এই পর্যালোচনা এগোনো সম্ভব নয়।
আমেরিকার বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছে, ‘এই সংস্থাকে আমরা কোনও বিশ্বাসযোগ্যতা দিই না।’ তাঁর অভিযোগ, ‘এই সংস্থা নিজেদের মূল্যবোধ রক্ষা করতে বারবার ব্যর্থ হয়েছে এবং আমেরিকা-বিরোধী প্রচার চালিয়ে মানবাধিকারের বিষয়টিকে প্রহসনে পরিণত করেছে।’
আমেরিকার এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁদের আশঙ্কা, ওয়াশিংটনের দেখানো পথে অন্য দেশও পর্যালোয়া এড়িয়ে যেতে পারে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের মানবাধিকার কর্মসূচির অধিকর্তা জামিল ডাকওয়ার বলেন, ‘প্রশাসন গোটা বিশ্বকে জানাচ্ছে, তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে অন্যরা পর্যালোচনা করল কি না, তাতে তাদের কিছু যায় আসে না।’
জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অধ্যাপক এরিক তিস্তুনোতের মতে, বিশ্বের প্রধান শক্তি আমেরিকা এই প্রক্রিয়ায় অংশ না নিলে রাষ্ট্রপুঞ্জের পর্যালোয়া ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ধাক্কা খেতে পারে।




