নিউজ ডেস্ক: বিয়ের পরে প্রথম দীপাবলি। আর সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন শচীন তেন্ডুল কারের ছেলে অর্জুন তেন্ডুলকার এবং তাঁর স্ত্রী সানিয়া চাঁদকে। চলতি বছরের মার্চে বিয়ে করেছিলেন দু’জনে। তার পরে এই প্রথম স্বামী-স্ত্রী হিসাবে দীপাবলি উদ্যাপন করলেন তাঁরা। সানিয়ার পোস্ট করা ছবিগুলি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিতে অর্জুন ও সানিয়াকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে। সানিয়ার পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি। সূক্ষ্ম নকশা ও ফুলের কাজ করা সেই শাড়িতে সাবেকি সাজে ধরা দিয়েছেন তিনি। অন্য দিকে, অর্জুনের পরনে ছিল গাঢ় নীল রঙের কুর্তা। গলায় সূক্ষ্ম নকশার কাজ করা সেই পোশাকে বেশ মানিয়েছে তাঁকে। একটি ছবিতে দু’জনকে একসঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে স্বামীর কাঁধে মাথা রেখে পোজ দিয়েছেন সানিয়া। দু’জনের কপালেই ছিল তিলক।
https://x.com/NewsX/status/2119848514855620826?a=X8ptNHZXJhhEbdm4UHE&s=20
ছবিগুলি পোস্ট করে সানিয়া ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম দীপাবলি’। তাঁদের এই বিশেষ মুহূর্তের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবনকে অনেকটাই প্রচারের আড়ালে রেখেছেন অর্জুন ও সানিয়া। তাই তাঁদের একসঙ্গে এমন ছবি সামনে আসতেই আগ্রহ বেড়েছে অনুরাগীদের।
শুধু নবদম্পতিই নন, দীপাবলিতে উৎসবে মেতেছিল গোটা তেন্ডুলকার পরিবার। শচীন ও স্ত্রী অঞ্জলির সঙ্গে লক্ষ্মীপুজোর ছবি ভাগ করে নিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই পুজো ও উৎসবের আয়োজন হয়েছিল। অন্য দিকে, সারা তেন্ডুলকারও নিজের দীপাবলি উদ্যাপনের কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। এর আগে সানিয়াকে সারার অফিসের দীপাবলি পার্টিতেও দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ৫ মার্চ মুম্বইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন ও সানিয়া। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিতিতে হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান-সহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। বিয়ের পর এ বার প্রথম দীপাবলিতে একসঙ্গে উৎসবের ছবি ভাগ করে নিলেন শচীন-পুত্র ও তাঁর স্ত্রী।




