নিউজ ডেস্ক: মাত্র সাড়ে সাত বছর বয়সে বাবার সঙ্গে চিনের একটি ব্যাডমিন্টন ক্লাবে যাতায়াত শুরু। তবে র্যাকেট হাতে তাঁর ব্যাডমিন্টনের পথচলা শুরু ভারতে। পরবর্তী সময়ে চিনের প্রশিক্ষণ, অনুশীলনের অভিনব পদ্ধতি এবং কঠোর শৃঙ্খলা তাঁর খেলায় এনে দেয় নতুন মাত্রা। আজ সেই তানভি পাত্রিই ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম উজ্জ্বল প্রতিশ্রুতি। মাত্র ১৫ বছর বয়সে যুব অলিম্পিকে রুপো জিতে ইতিহাস গড়েছেন তিনি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে চোট, অসুস্থতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে দীর্ঘ লড়াই।
গত বৃহস্পতিবার সেনেগালের ডাকার অ্যারেনায় চিনের ঝাং ই শিনের বিরুদ্ধে ফাইনালে নেমেছিলেন তানভি। প্রতিপক্ষ বর্তমান জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন। নির্ণায়ক গেমে এক সময় ১০-১৯ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। কিন্তু হার মানেননি। ছ’টি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান। নিজের তিনটি ম্যাচ পয়েন্টও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত ২৪-২৬ ব্যবধানে হারলেও তাঁর লড়াই নজর কেড়েছে ব্যাডমিন্টন বিশ্বের।
যুব অলিম্পিকে মহিলাদের একক বিভাগে রুপো জিতে ইতিহাস গড়েছেন তানভি। এই প্রতিযোগিতায় পদকজয়ী তৃতীয় ভারতীয় শাটলার তিনি। এর আগে ২০১০ সালে এইচএস প্রণয় এবং ২০১৮ সালে লক্ষ্য সেন এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
তানভির বাবা কর্মসূত্রে চিনে থাকতেন। সেই সময় বাবার সঙ্গে ব্যাডমিন্টন ক্লাবে যাতায়াত করতেন তিনি। সেখানে বাবার খেলা দেখতে দেখতেই খেলাটির প্রতি আগ্রহ তৈরি হয়। ভারতে ব্যাডমিন্টনের প্রশিক্ষণ শুরু করার পর চিনের এক কোচের কাছ থেকে বিশেষ কিছু শিক্ষা পেয়েছিলেন। তাঁর প্রথম চিনা কোচ জু বারবার বুঝিয়েছিলেন, শুধু ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করলেই হবে না, প্রতিটি শটের কৌশল নিখুঁত করতে হবে। চিনে থাকাকালীন বন্ধুদের সঙ্গে ফিগার স্কেটিংও করতেন তানভি। যা তাঁর শরীরের ভারসাম্য ও পায়ের ক্ষিপ্রতা বাড়াতে সাহায্য করেছে।
২০২০ সালে করোনা পরিস্থিতিতে পরিবার ভারতে ফিরে আসে। ওড়িশায় দেড় বছর অনুশীলনের পর ২০২২ সালে বেঙ্গালুরুর প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে সুযোগ পান তিনি। সেখানে কোচদের তত্ত্বাবধানে দ্রুত উন্নতি হয় তাঁর।
এ বছরের শুরুতে পিঠের চোট এবং জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রবল জ্বর তাঁকে সমস্যায় ফেলেছিল। ডাকার পৌঁছে মাত্র দু’দিন অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবু লড়াই থামাননি। আগামী বছর অনূর্ধ্ব-১৯ এশীয় জুনিয়র প্রতিযোগিতায় সোনা, জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপ জয় এবং বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২০-তে জায়গা করাই লক্ষ্য। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যোগ্যতা অর্জনও স্বপ্ন। এর মধ্যেই সামলাতে হচ্ছে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি।




