স্পোর্টস ডেস্ক:বিশ্ব দাবার সর্বোচ্চ তারকাকে দেখার অপেক্ষায় লন্ডন। আগামী ৫ ও ৬ ডিসেম্বর লন্ডন চেস ক্লাসিকের সুপার র্যাপিড প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পাঁচ বারের ক্লাসিক্যাল বিশ্বচ্যাম্পিয়নের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দাবা মহলে। কারণ, এই প্রতিযোগিতায় শুধু বিশ্বের প্রথম সারির গ্র্যান্ডমাস্টাররাই নন, অংশ নিতে পারবেন সাধারণ দাবাড়ুরাও। ফলে কোনও অপেশাদার দাবাড়ুর সঙ্গে প্রথম দিকের রাউন্ডে কার্লসেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও থাকছে। ভারতের হয়ে এই প্রতিযোগিতায় নজর কাড়তে পারেন গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন।
লন্ডনের নোভোটেল লন্ডন ওয়েস্টে আয়োজিত হবে সুপার র্যাপিড প্রতিযোগিতা। বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসাবেই এই প্রতিযোগিতায় খেলবেন কার্লসেন। বড়দিনের পরে তুরস্কের ইস্তানবুলে আয়োজিত হবে বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে নিজের খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন নরওয়ের এই দাবাড়ু। তার আগে লন্ডনে প্রতিযোগিতামূলক দাবা খেলার সুযোগকে কাজে লাগাতে চান তিনি।
কার্লসেনের পাশাপাশি প্রতিযোগিতায় থাকছেন ফ্রান্সের ম্যাক্সিম ভাশিয়ে-লাগ্রাভ এবং নেদারল্যান্ডসের আনিশ গিরিও। ভারতীয় দাবার প্রতিনিধিত্ব করবেন নিহাল। লন্ডন চেস ক্লাসিকের মাস্টার্স বিভাগে অংশ নেওয়া গ্র্যান্ডমাস্টারদের পাশাপাশি চ্যালেঞ্জার্স এবং সুইস বিভাগের একাধিক শক্তিশালী দাবাড়ুও সুপার র্যাপিডে খেলবেন। ফলে প্রতিযোগিতার মান যথেষ্ট উঁচু হতে চলেছে।
ভারতের নিহালের কাছে এটি বিশেষ সুযোগ। বিশ্বের প্রথম সারির দাবাড়ুদের বিরুদ্ধে নিজের দক্ষতা প্রমাণের পাশাপাশি কার্লসেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর সামনে। নিহাল সাম্প্রতিক সময়ে দ্রুতগতির দাবায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২৬ সালের বুলেট দাবা চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। লন্ডনের এই প্রতিযোগিতায় তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে ভারতীয় দাবা মহলের।
প্রতিযোগিতায় অংশ নেবেন ইংল্যান্ডের বিস্ময় বালিকা বোধনা শিবানন্দনও। সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়েছেন তিনি। কার্লসেনের মতো তারকার সঙ্গে একই প্রতিযোগিতায় খেলার সুযোগ তাঁর কাছেও বড় অভিজ্ঞতা হতে পারে। তবে সুইস পদ্ধতিতে প্রতিযোগিতা হওয়ায় কে কার মুখোমুখি হবেন, তা নির্ভর করবে রাউন্ডের ফল এবং রেটিংয়ের উপর।
লন্ডন চেস ক্লাসিকের সুপার র্যাপিড এ বারের প্রতিযোগিতার শেষ পর্ব। এই আসরের পাশাপাশি মাস্টার্স, চ্যালেঞ্জার্স এবং সুইস বিভাগেও চলবে লড়াই। মাস্টার্স বিভাগে দশ জন গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবেন। সেই বিভাগে থাকছেন উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ, আমেরিকার লেভন অ্যারোনিয়ান এবং ভারতের নিহাল সরিন। অন্য দিকে চ্যালেঞ্জার্স বিভাগ থেকে পরের বছরের মাস্টার্সে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন প্রতিযোগীরা।




