নিউজ ডেস্ক: "বাঁচাও বাঁচাও চিৎকার কি শোনা গিয়েছিল?" এনআরএসের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে প্রভাবশালীদের দিকে আঙুল তুলে সরব কুণাল।
উত্তর চব্বিশ পরগনার নাগেরবাজার এলাকার একটি ভাড়া হস্টেল থেকে উদ্ধার হলো এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। মৃত চিকিৎসকের নাম অনির্বাণ সরকার (৩১)। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুলিশ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করলেও গোটা ঘটনাটিকে সাধারণ আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ নিহতের পরিবার ও সহকর্মীরা। তাঁদের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, অনির্বাণকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।ঘটনাটিকে কেন্দ্র করে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবিতে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
পুলিশ সূত্রে খবর, একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অনির্বাণ এবং সেই কারণেই নাগেরবাজারের ওই হস্টেলটিতে ভাড়া থাকতেন। বেশ কয়েকদিন ধরে তাঁর কোনো সাড়া না পেয়ে এবং ভিতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে। শেষমেশ পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা কথার সত্যতা ও তাঁর হাতের লেখা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে মৃত্যুর নেপথ্যে উঠে আসছে গভীর রহস্য। সহকর্মীদের অনেকের অভিযোগ, মৃত্যুর আগে থেকেই চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছিলেন অনির্বাণ। সামাজিক মাধ্যমে এবং ঘনিষ্ঠ মহলে তিনি একাধিকবার নিজের বিপদের কথা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। এমনকি মৃত্যুর কিছু আগে হস্টেল চত্বর থেকে কারো ‘বাঁচাও! বাঁচাও!’ আর্তনাদ শোনা গিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবার সরাসরি আঙুল তুলেছে কিছু প্রভাবশালী মহলের দিকে। তাঁদের প্রশ্ন, অনির্বাণ কার ভয়ে শঙ্কিত ছিলেন এবং কাকে তিনি তাঁর ভয়ের কারণ হিসেবে ইঙ্গিত করছিলেন, সেই সত্য অবিলম্বে সামনে আসা প্রয়োজন।
https://x.com/KunalGhoshAgain/status/2120009250856657261?a=9ASC3ViSYb_hERpGMM8&s=08
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে পোস্ট করে এই অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জোরালো দাবি জানিয়েছেন।
তিনি লেখেন, “তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনা কোনোভাবেই রাজনৈতিক কোন্দল বা পুলিশের অন্যান্য কাজের চাপে ধামাচাপা দেওয়া চলবে না। কোনো প্রভাবশালী চক্রকে এই ঘটনা আড়াল করতে দেওয়া যাবে না। অভয়া কাণ্ডের মতো এই মামলাতেও পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত এগিয়ে নিয়ে মূল অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং ওই চিকিৎসক মৃত্যুর আগে যেসব বার্তা পাঠিয়েছিলেন, তার প্রতিটির তলিয়ে তদন্ত করতে হবে।”
হস্টেলের সিসিটিভি ফুটেজ, অনির্বাণের মোবাইল ফোনের কল রেকর্ড এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর রেখে যাওয়া বার্তার সূত্র ধরে পুলিশ তদন্তে নেমেছে। এটি কি সত্যি মানসিক অবসাদের জেরে নেওয়া কোনো চরম সিদ্ধান্ত, নাকি নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর ষড়যন্ত্র ও অপরাধ সেই উত্তর পেতেই এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় প্রশাসন।




