নিউজ ডেস্ক: দেশ স্বাধীন হয়েছে সাত দশকেরও বেশি সময় আগে। উপগ্রহ মারফত মহাকাশ ছোঁয়ার যুগে মানুষ যখন চাঁদে জমি খুঁজছে, তখন সুন্দরবনের প্রত্যন্ত এক চিলতে গ্রামে রাত নামত আদিম অন্ধকারের বুক চিরে। অবশেষে ঘুচলো সেই অন্ধকার।
দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের সুমতিনগরের ৯৯ নম্বর বুথের ১৬টি পরিবার তাদের কাছে ভোট আসে ভোট চাই শুধুই পাশে প্রতিশ্রুতি। ৩৪ বছরের বাম সরকার আর তারপর তৃণমূল কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও, এদের ভিটেয় পৌঁছায়নি বৈদ্যুতিক তারের স্পর্শ। অবশেষে মাত্র ছয় মাসেই দীপাবলির উপহার হিসেবে সেই অপেক্ষার ইতি টানলো বিজেপি সরকার।
চারদিকে প্রদীপ আর আলোর রোশনাই ছড়িয়ে যখন আলোর উৎসব উদযাপিত হচ্ছে, ঠিক তখনই জীবনের এক পরম প্রাপ্তির সাক্ষী রইল দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। যে ১৬টি পরিবার বছরের পর বছর শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি শুনে এসেছে, অবশেষে তাদের ঘরে পৌঁছল বিদ্যুতের সংযোগ। দীপাবলির আগের রাতে হঠাৎ করেই কেটে গেল দীর্ঘদিনের অন্ধকার। সাগর বিধানসভার সুমতিনগর ৯৯ নম্বর বুথ এলাকার এই মানুষগুলোর কাছে এবারের উৎসব কেবল নিয়মরক্ষার নয়, যেন নতুন জীবনের এক শুভ সূচনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল ইন্ডিয়া ও আধুনিক পরিষেবার যুগেও এই প্রান্তিক পরিবারগুলো দিন কাটাচ্ছিল কেরোসিনের কুপি কিংবা মোমবাতির টিমটিমে আলোয়। সন্ধ্যা নামলেই ঘন অন্ধকারে ঢেকে যেত বসতভিটে। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা জানান, দফায় দফায় প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজ হয়নি কিছুই।
এই চরম বঞ্চনার কথা সম্প্রতি পৌঁছায় সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডলের কানে। অভিযোগ পাওয়ার পরই কালক্ষেপ না করে তিনি সক্রিয় হন। বিদ্যুৎ দপ্তরের পদস্থ কর্তাদের সঙ্গে সমন্বয় গড়ে যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করা হয়। দীপাবলির আগের দিন রাতে খোদ বিধায়ক এলাকায় দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন। রাতেই মিটার বসিয়ে একে একে ১৬টি ঘরের বিদ্যুৎ চালু হতেই উল্লাসে ফেটে পড়েন আট থেকে আশি।
ঘরের আলো জ্বলে উঠতেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দা নমিতা মণ্ডল। তিনি বলেন, "এতগুলো বছর আমরা অন্ধকারের মধ্যে পড়েছিলাম। ভোটের আগে সবাই শুধু আশ্বাস দিত, কিন্তু আলো আর জ্বলত না। আজ উৎসবের আগে ঘরে আলো দেখে মনে হচ্ছে সত্যিই ভগবান মুখ তুলে চেয়েছেন।" এক স্থানীয় পড়ুয়ার কথায়, "লণ্ঠনের আলোয় পড়ার যন্ত্রণা আর সইতে হবে না। আমাদের জীবনে এটাই সেরা দীপাবলি।"
উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, "৩৪ বছরের সিপিআইএম আর ১০ বছরের তৃণমূল সরকার যা করতে পারেনি, তা এই ৬ মাসে বিজেপি করে দেখাল। ভাবলে কষ্ট হয়, স্বাধীনতার এত বছর পরেও সুন্দরবনের মানুষকে বিদ্যুৎ বা রাস্তার মতো মৌলিক অধিকারের জন্য হাহাকার করতে হয়েছে।" একই সঙ্গে তিনি দাবি করেন, এলাকার প্রাক্তন উপপ্রধান দীর্ঘদিন ভয়ের পরিবেশ কায়েম রেখে পরিষেবা থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রেখেছিলেন।
বিদ্যুৎ পৌঁছনোর পাশাপাশি ওই পাড়ার বেহাল রাস্তার দ্রুত সংস্কার এবং কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। শৌচালয় ও পানীয় জলের মতো পরিষেবাও দ্রুত পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।




