নিউজ ডেস্ক: বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের পর এবার পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কুলিক ফরেস্টে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার ভোররাতে ভারত-বিহার সীমান্তবর্তী রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চলাকালীন এই গুলির লড়াই ঘটে। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সি ওই নাবালিকা। নিখোঁজ থাকার তিন দিন পর, গত ৫ নভেম্বর কুলিক অভয়ারণ্যের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে পরিচিত দিলীপ রায়ের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ।
তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, সোমবার ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গৌরী পঞ্চায়েত এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিহার সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে অতর্কিতে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। গুলিতে পুলিশের গাড়ির টায়ার ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় দিলীপ রায়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তল অভিযুক্তের কাছে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক এমন ঘটনা সামনে এসেছে। এর আগে গত ৮ জুলাই বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এনকাউন্টার হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর একই ধরনের ধর্ষণ ও খুনের মামলায় এবং ২৭ অক্টোবর সামশেরগঞ্জে রাজনৈতিক কর্মী খুনের ঘটনায় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধে যুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না। রায়গঞ্জের এই ঘটনার পর নারী নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।




