নিউজ ডেস্ক: ছোটপর্দার চার দেওয়ালের ভেতরের সংঘাত যে এমন কুৎসিত রূপ নিয়ে নেটপাড়ায় আছড়ে পড়বে, তা হয়তো আঁচ করতে পারেননি অভিনেত্রী নন্দিনী দত্ত নিজেও। সহ-প্রতিযোগী রাজবীরের গায়ে হাত তোলার অপরাধে ‘বিগ বস বাংলা’র মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন চরম সিদ্ধান্তের পর চোখের জলে শো ছাড়তে হলেও, আসল ধাক্কাটা নন্দিনী খেলেন বাইরে এসে নিজের মোবাইল ফোন হাতে পাওয়ার পর। ভক্তদের আবেগ এবং সমবেদনার পাশাপাশি তাঁর ইনবক্সে জমা হয়েছে একের পর এক ধর্ষণের হুমকি।
শনিবারের ‘দাদার দরবার’ যে কেবল সাধারণ সাপ্তাহিক পর্ব ছিল না, তা স্পষ্ট হয়ে যায় শো শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই। রাজবীরের ওপর নন্দিনীর শারীরিক আঘাতের ঘটনাকে কোনওভাবেই হালকা চালে নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বভাবসিদ্ধ শান্ত মেজাজ হারিয়ে সঞ্চালকের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই অন্যায় যদি কোনো পুরুষ প্রতিযোগী— তা সে দুর্নিবার, রাজবীর কিংবা জিতু হোক করতেন, তবে সোজা কলার ধরে টানতে টানতে বের করে দিতেন। এমনকী কোনো বিমানের আরাম নয়, স্রেফ সাধারণ ট্রেনের টিকিট ধরিয়ে বাড়ি পাঠানো হতো।
সৌরভের সেই রুদ্রমূর্তির সামনে কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি অভিনেত্রীর। নিয়মভঙ্গের কোনো অজুহাত যে বিগ বসের অন্দরে টেকে না, তা বুঝিয়ে দিয়ে নন্দিনীকে শো ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বেরোনোর আগে অবশ্য রাজবীরকে জড়িয়ে ধরে নিজের কাজের জন্য অনুতাপ প্রকাশ করেন তিনি।
তবে বিগ বসের দরজা পেরোতেই শুরু হয়েছে নতুন বিপত্তি। সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তাঁর সেই আতঙ্কজনক অভিজ্ঞতার কথা। নন্দিনী জানান, দীর্ঘদিন পর নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে তিনি রীতিমতো শিউরে ওঠেন। একদিকে যেমন কিছু অনুরাগী তাঁর সমর্থনে আবেগঘন বার্তা পাঠাচ্ছেন, অন্যদিকে তেমনই ভেসে এসেছে চরম নোংরা আক্রমণ। সরাসরি তাঁকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে কিছু প্রোফাইল থেকে। শুধু তাই নয়, উগ্র ভক্তদের প্রতিক্রিয়াও তাঁকে অস্বস্তিতে ফেলেছে। অভিনেত্রীর কথায়, "কেউ কেউ লিখছেন আমি বাদ পড়েছি বলে তাঁরা নাকি হাত কেটে ফেলবেন!" চরম ঘৃণা আর অন্ধ মোহের এই যুগপৎ প্রকাশে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিনেত্রী।
এদিকে নন্দিনীর এই আকস্মিক বিদায়ে বিগ বসের অন্দরে খেলার সমীকরণ সম্পূর্ণ ওলটপালট হয়ে গেল। এর আগে নন্দিনী সাময়িকভাবে সিক্রেট রুমে থাকাকালীন রাজবীরের খেলায় যে পরিবর্তনের আঁচ পাওয়া গিয়েছিল, অভিনেত্রী মূল ঘরে ফিরতেই তা মিলিয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। নন্দিনীর স্থায়ী প্রস্থানের পর একা রাজবীর কীভাবে নিজের ঘুঁটি সাজাবেন, নাকি একলা লড়ে নতুন কোনো ছকে বাজিমাত করবেন তা নিয়েই এখন জোর চর্চা চলছে দর্শকদের মধ্যে।




