বিনোদন ডেস্ক: ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে দুই সিনেমার মধ্যে আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল ‘দুসরা’ ছবির নির্মাতারা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিত্বের অধিকার বা পার্সোনালিটি রাইটস লঙ্ঘনের দায়ে দিল্লি হাইকোর্ট সিনেমাটির নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার এবং বড় হরফে বিশেষ ডিসক্লেইমার যুক্ত করার নির্দেশ দিয়েছে।
ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’ ছবিটি গত ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটির গল্প মূলত রাজস্থানের এক রক্ষণশীল পরিবারের তরুণী ‘তারা’-কে কেন্দ্র করে, যে সৌরভ গাঙ্গুলীর লর্ডসের সেই ঐতিহাসিক জার্সি ওড়ানোর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনের পিতৃতান্ত্রিক ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই শুরু করে। তবে ছবিটিতে সৌরভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি ও ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো বারবার ব্যবহার করার অভিযোগে আদালতে মামলা করেন মহারাজ এবং তাঁর অফিসিয়াল বায়োপিকের প্রযোজনা সংস্থা ‘লাভ ফিল্মস এলএলপি’।
২০২১ সালে লাভ ফিল্মসের সাথে সৌরভ গাঙ্গুলীর একটি একচেটিয়া চুক্তি সম্পন্ন হয়, যার অধীনে রাজকুমার রাও অভিনীত তাঁর অফিসিয়াল বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ নির্মিত হচ্ছে। ২০২৭ সালের মে মাসে মুক্তি পেতে যাওয়া এই মেগা প্রজেক্টে ইতিমধ্যে বিপুল অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। সৌরভ ও লাভ ফিল্মসের আইনজীবীদের অভিযোগ ছিল, ‘দুসরা’ সিনেমাটি কোনো অনুমোদন ছাড়াই সৌরভের লর্ডসের সেই আইকনিক উদযাপন এবং ক্রিকেটীয় সাফল্যকে বাণিজ্যিক স্বার্থে পুঁজি করেছে। এর ফলে আসন্ন অফিশিয়াল বায়োপিকটির একচেটিয়া বাণিজ্যিক মূল্য ও দর্শকের আকর্ষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়।
দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষনের পর দিয়েছে বেশ কিছু কড়া নির্দেশ, যেমন– মামলার শুনানিতে বিচারপতি তেজস কারিয়া পর্যবেক্ষণ করেন যে, ‘দুসরা’ ছবিটি কেবল কোনো ঐতিহাসিক ঘটনার চিত্রায়নের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এখানে বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিত্ব ও পরিচিতিকে ব্যবহার করা হয়েছে। তবে সিনেমাটি ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে যাওয়ায় এই মুহূর্তে থিয়েটার স্ক্রিনিং সম্পূর্ণ বন্ধ করা বাস্তবসম্মত নয় বলে জানায় আদালত। দ্বিতীয়ত সিনেমার শুরুতে এবং শেষে ইংরেজি ও হিন্দি উভয় ভাষায় বড় হরফে স্পষ্ট ডিসক্লেইমার দেখাতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে যে, সৌরভ গাঙ্গুলী এই সিনেমায় তাঁর ব্যক্তিত্ব বা নাম ব্যবহারের কোনো সম্মতি দেননি এবং ছবিটির সাথে তাঁর কোনো আনুষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই এবং সৌরভের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখতে সিনেমাটির নির্মাতাদের দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। সবশেষে ওটিটি ও অন্যান্য মাধ্যমে নিষেধাজ্ঞা: আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
আদালতের দেওয়া এই নির্দেশিকাগুলো মেনে না চললে ছবিটির সমস্ত বাণিজ্যিক সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে লর্ডসের সেই আইকনিক জার্সি ওড়ানোর স্মৃতি সিনেমা পর্দায় অনুমতি ছাড়া ফুটিয়ে তুলে বেশ বড় আইনি ও আর্থিক ফাঁপড়ে পড়ল ‘দুসরা’র টিম।




