মুম্বই: বলিউডের শাহেনশার বাড়ি কি ফের আতঙ্কের নিশানায়? মুম্বইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’কে ঘিরে আবারও বোমা হামলার হুমকি। খবর পেয়ে তৎপর হয় পুলিশ। বাড়ি ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। ফলে প্রাথমিক ভাবে হুমকিটি ভুয়ো বলে মনে করা হলেও, বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না তদন্তকারীরা।
গত কয়েক সপ্তাহে একাধিক বার অমিতাভের বাড়িকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। অক্টোবরের শেষ দিকে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরে একটি হুমকি ইমেল আসে। সেখানে বৃহন্মুম্বই পুরসভার সদর দফতর, অমিতাভের জুহুর বাড়ি ‘জলসা’ এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বইয়ের অনুষ্ঠানে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও ছিল সেই ইমেলে। পুলিশি তল্লাশিতে অবশ্য কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ওই হুমকির পর থেকেই অমিতাভের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। গত ১ নভেম্বর, রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এলেও এ বার আর খোলা জায়গায় দাঁড়াননি অভিনেতা। স্বচ্ছ বুলেটপ্রুফ সুরক্ষা-কবচের আড়াল থেকে ভক্তদের অভিবাদন জানান তিনি। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বছরের পর বছর ধরে প্রতি রবিবার ‘জলসা’র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করার রীতি বজায় রেখেছেন অমিতাভ। কিন্তু সাম্প্রতিক হুমকির জেরে সেই পরিচিত মুহূর্তেও যুক্ত হয়েছে বাড়তি সতর্কতা।অক্টোবরের হুমকি ইমেলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’য় হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল বলে জানা যায়। একই বার্তায় ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানের কথাও উল্লেখ ছিল। ইমেলের প্রেরক খালিস্তানপন্থী একটি সংগঠনের নাম ব্যবহার করেছিল বলে দাবি করা হয়। তবে ওই পরিচয়ের সত্যতা বা হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
পরপর হুমকির ঘটনায় প্রশ্ন উঠছে, তারকাদের নিরাপত্তা কি নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে? বিশেষত, অমিতাভের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতার বাড়িকে বারবার নিশানা করার ঘটনায় উদ্বেগ বাড়ছে। পুলিশের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হুমকির উৎস খুঁজে বার করা, ইমেল প্রেরকের পরিচয় নিশ্চিত করা এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা। তল্লাশিতে বিস্ফোরক না মিললেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার অবকাশ দেখছে না প্রশাসন।




