নিউজ ডেস্ক: বলিউডের বাদশার সঙ্গে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই এবার হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ! শাহরুখ খানের আগামী ছবি ‘King’-এ জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক পপ তারকা এড শিরান। ছবির প্রথম গান ‘Tu Mil Jaaye’-তে তাঁর কণ্ঠ শুনে ইতিমধ্যেই চমকে গিয়েছেন অনুরাগীরা। কিন্তু কীভাবে এই ছবির সঙ্গে জুড়ে গেলেন এড? সেই গল্পই এবার সামনে আনলেন গায়ক নিজেই।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এড শিরান জানিয়েছেন, শাহরুখের সঙ্গে তাঁর প্রথম আলাপের সময়ই অভিনেতা তাঁকে নিজের আগামী ছবিতে একটি গান করার প্রস্তাব দিয়েছিলেন। সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। আর সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত এনে দিয়েছে বলিউডে কাজ করার সুযোগ।
https://www.instagram.com/reel/DfR1OmtoDO_/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
এডের কথায়, ভারতে শেষবার আসার সময় তিনি শাহরুখের বাড়ি মান্নতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, তাঁর এবং অরিজিৎ সিংয়ের গান ‘Sapphire’-এর মিউজিক ভিডিওতে শাহরুখকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের অনুরোধ করা। সেই সাক্ষাতেই শাহরুখের সঙ্গে তাঁর পরিচয় হয় সঙ্গীত পরিচালক জুটি সচিন-জিগরের। আর তারপরেই বদলে যায় পুরো গল্প।
এড জানিয়েছেন, সচিন-জিগরের সঙ্গে পরিচয়ের দিনই ‘King’ ছবির জন্য ‘Tu Mil Jaaye’ গানটির নিজের অংশ লিখে রেকর্ড করেন তিনি। অর্থাৎ, মান্নতে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের অনুরোধ নিয়ে গিয়ে সেখান থেকেই তৈরি হয়ে যায় তাঁর প্রথম বলিউড গানের রাস্তা।
এই গানে এড শিরানের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচী। অরিজিতের সঙ্গে আবারও কাজ করতে পেরে উচ্ছ্বসিত এড। অন্যদিকে, এডের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখও। বিশেষ করে গানের হিন্দি অংশ গাওয়ার জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ‘King’ মুক্তি পাওয়ার কথা ২৪ ডিসেম্বর, ২০২৬। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় এবং আরও একাধিক পরিচিত মুখ। আন্তর্জাতিক পপ তারকার কণ্ঠে বলিউডের গান, তার সঙ্গে শাহরুখ-অরিজিতের যোগ—সব মিলিয়ে ছবির গান ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।




