নিউজ ডেস্ক: অবসরগ্রহণের পর সাংবিধানিক বা সরকারি কমিশনে পুনর্বহাল হলে পূর্ববর্তী চাকরির পেনশনের পুরো অর্থ এবং নতুন পদের বেতন দুটো একসঙ্গে পুরোপুরি টানা যাবে না। উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় এই অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট।
আদালত জানিয়ে দিয়েছে, নতুন পদের কার্যকালে বেতন নির্ধারণে ‘পে মাইনাস পেনশন’ নীতি প্রয়োগ করা আইনত ও সাংবিধানিকভাবে সম্পূর্ণ বৈধ। বিচারপতি এস ভি এন ভাট্টি এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে ২০১০ সালে উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া রায় খারিজ করে দিয়েছে।
হাইকোর্ট এর আগে জানিয়েছিল, নতুন বেতন থেকে পুরনো পেনশন কেটে নেওয়া হলে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ এবং ৩৯(ডি) অনুচ্ছেদে বর্ণিত ‘সমান কাজের জন্য সমান বেতন’ নীতি লঙ্ঘিত হয়। তবে হাইকোর্টের সেই যুক্তি মানতে নারাজ শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন দায়িত্বে থাকাকালীন পূর্ববর্তী পেনশনের অঙ্ক বেতনের সঙ্গে সমন্বয় করা মানে পেনশন স্থায়ীভাবে কেড়ে নেওয়া নয়। এটি সাময়িক স্থগিতাদেশ মাত্র। কমিশনের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তি স্বাভাবিক নিয়মেই তাঁর অর্জিত পূর্ণ পেনশন পাওয়ার অধিকারী হবেন।
মামলাটির সূত্রপাত এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে কেন্দ্র করে। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে ২০০৬ সালে অবসর নেওয়ার পর তাঁকে উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কমিশনের ২০০৪ সালের সার্ভিস রেগুলেশনের ৭(২) ধারা অনুযায়ী, তাঁর নতুন পদের পারিশ্রমিক থেকে আগের চাকরির পেনশনের অর্থ কেটে নেওয়ার নির্দেশ ছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত তাঁর পক্ষে রায় দেয়। পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তরাখণ্ড সরকার।
আদালতের মতে, কোনও সাংবিধানিক বা প্রশাসনিক পদে যোগ দেওয়ার আগেই সংশ্লিষ্ট ব্যক্তির পদের শর্ত ও আর্থিক নিয়মাবলি সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত। সমস্ত শর্ত জেনেশুনে দায়িত্বভার গ্রহণের পর মাঝপথে সেই নিয়মকে চ্যালেঞ্জ করার নৈতিক বা আইনি সুযোগ থাকে না।
এর পাশাপাশি বেঞ্চ আরও একটি তাৎপর্যপূর্ণ আর্থিক দিক তুলে ধরে। আদালত জানায়, নতুন পদের পুরো বেতনের সঙ্গে যদি আগের চাকরির পেনশনও সমান্তরালভাবে যুক্ত হতে থাকে, তবে অনেক ক্ষেত্রে মোট অর্থ সরকারের শীর্ষতম সাংবিধানিক পদের প্রাপ্যকেও ছাপিয়ে যেতে পারে। প্রশাসনিক সামঞ্জস্য বজায় রাখতে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পুরনো নজির টেনে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘পে মাইনাস পেনশন’ নিয়ম সম্পূর্ণ বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত।




