স্পোর্টস ডেস্ক: আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে রাজনীতির ময়দানে যখন তুমুল চর্চা, তখন অন্য মঞ্চে দাঁড়িয়ে খোঁচা দিলেন বাস্কেটবল দুনিয়ার পরিচিত মুখ। সরাসরি আক্রমণ নয়, বরং রীতিমতো রসিকতা করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিঁধলেন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের প্রধান কোচ স্টিভ কের। তাঁর কটাক্ষের কেন্দ্রে ট্রাম্পের সেই বহুচর্চিত ৫০০০ ডলারের প্রতিশ্রুতি। নির্বাচনের ফলাফলে রিপাবলিকানদের ধাক্কার পর সেই প্রতিশ্রুতির টাকা আর পাওয়া হচ্ছে না, এমনই মজার সুরে আক্ষেপ করলেন কের।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ওয়ারিয়র্স কোচ। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মুখে তিনি নিজেই নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন। খানিকটা অবাক হওয়ার ভঙ্গিতে কের বলেন, “নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন নেই? আমি তো অবাক!” এরপরই শুরু হয় তাঁর রসিকতা। ট্রাম্পের প্রতিশ্রুত ৫০০০ ডলারের প্রসঙ্গ টেনে কের বলেন, ওই টাকাটা পাওয়ার জন্য তিনি বেশ আশায় ছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফলে সেই আশায় জল পড়েছে।
শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে কেরের মন্তব্য, “আমি তো আসলে টাকাটা আগেই খরচ করে ফেলেছি। এতটাই নিশ্চিত ছিলাম যে টাকা পাব, তাই আগেভাগেই খরচ করে দিয়েছি। এখন নতুন করে কিছু একটা ভাবতে হবে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, রাজনৈতিক পরিস্থিতিকে ব্যঙ্গ করেই সাংবাদিকদের সামনে হাসির ছলে নিজের হতাশার কথা তুলে ধরেছেন তিনি।
আসলে ট্রাম্পের প্রতিশ্রুতির সঙ্গে জড়িয়ে ছিল আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল। রিপাবলিকানরা যদি কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারত, তা হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫০০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শুল্ক থেকে পাওয়া রাজস্ব এবং অর্থনৈতিক বৃদ্ধির সুফল কাজে লাগিয়ে এই অর্থ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। এমনকী এই অর্থকে এক ধরনের লভ্যাংশ হিসেবেও তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সেনেট, দুই কক্ষেই বড় জয় পাওয়ায় ট্রাম্পের সেই পরিকল্পনা কার্যত ধাক্কা খেল। তার উপর এই অর্থ দেওয়ার বিষয়ে কংগ্রেসের অনুমোদনও মেলেনি। টাকা কোথা থেকে আসবে, সেই প্রশ্নেরও স্পষ্ট সমাধান হয়নি।
ট্রাম্পের সমালোচনায় অবশ্য এই প্রথম সরব হলেন না কের। এর আগেও একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন তিনি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যেই কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছিলেন ওয়ারিয়র্স কোচ। তবে এ বার দীর্ঘ রাজনৈতিক বক্তব্যের বদলে হাস্যরসকেই অস্ত্র করলেন তিনি। আর তাতেই নির্বাচনের পর ট্রাম্পের ৫০০০ ডলারের প্রতিশ্রুতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।




