স্পোর্টস ডেস্ক: বয়সের কাঁটা ৩১ ছুঁয়েছে। কেরিয়ারের পথে এসেছে চড়াই-উতরাই, কঠিন সময়, হার না মানার পরীক্ষা। একটা সময় সাফল্য যেন মুখ ফিরিয়ে নিয়েছিল তাঁর কাছ থেকে। কিন্তু পিভি সিন্ধু হার মানার পাত্রী নন। বরং নতুন করে নিজেকে চিনিয়েছেন, ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস, আবারও উঠে এসেছেন বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম সারিতে।
তাই তো হাসতে হাসতেই তাঁর উপলব্ধি, ‘আমি আর তরুণী নই ঠিকই, কিন্তু আমার কাছে ৩১-ই নতুন ২১!’ বয়সকে যেন এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের তারকা শাটলার।
২০২৬ সালটা সিন্ধুর কেরিয়ারে কার্যত নতুন করে বেঁচে ওঠার বছর। এই মরশুমে তিনটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন, জিতেছেন দু’টি খেতাব। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় উঠে এসেছেন ছয় নম্বরে। ২০২২ সালের ডিসেম্বরের পর এই প্রথম প্রথম দশে ফিরেছেন তিনি।
শুধু তাই নয়, পাঁচ বছর পর আবার জায়গা করে নিয়েছেন মর্যাদার বিশ্ব ট্যুর ফাইনালসে। ২০১৮ সালে যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেখানেই ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় ভারতীয় তারকা।




