স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে যেন রেকর্ডের পর রেকর্ড গড়ছেন চিন্ময় সুতার। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম পাঁচ ইনিংসেই ৮৩৫ রান করে ইতিহাস তৈরি করলেন মিজোরামের এই ব্যাটার। ২৫৪ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি আগে কোনও ব্যাটার করতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার উইলিয়াম পনসফোর্ডের দখলে। ১৯২৩ সালে নিজের প্রথম পাঁচ ইনিংসে ৭২৪ রান করেছিলেন তিনি। প্রায় ১০৩ বছর পর সেই নজির ভেঙে দিলেন ভারতের এই ক্রিকেটার। শুধু তাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার হাতছানিও রয়েছে তাঁর সামনে।
চলতি মরসুমে প্রথম বার রঞ্জি ট্রফিতে খেলছেন ২৯ বছরের চিন্ময়। মুম্বইয়ের ক্রিকেটার হলেও এ বার মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে নেমেছেন তিনি। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। প্রথম পাঁচ ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩৫, ৯৯, অপরাজিত ৪০০, ১৩৫ এবং ১৭৫। অর্থাৎ, পাঁচ ইনিংসে ২০৮.৮ গড়ে ৮৩৫ রান করেছেন তিনি। ধারাবাহিকতার পাশাপাশি বড় রান করার ক্ষমতাও দেখিয়েছেন এই ব্যাটার।
মণিপুরের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয়েছিল চিন্ময়ের। প্রথম ইনিংসে ৩৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে রান আউট হয়ে যান তিনি। শতরান হাতছাড়া হলেও পরের ম্যাচেই ব্যাট হাতে কার্যত বিস্ফোরণ ঘটান। নাগাল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেন। ৫১৭ বলের সেই ইনিংসে ছিল ৪৬টি চার এবং সাতটি ছক্কা। রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ব্যাটার তিনি। এর আগে ১৯৪৮-৪৯ মরসুমে মহারাষ্ট্রের হয়ে কাঠিয়াওয়ারের বিরুদ্ধে ৪৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিবি নিম্বলকর। দীর্ঘ ৭৮ বছর পর সেই তালিকায় দ্বিতীয় ভারতীয় হিসাবে নাম লেখান চিন্ময়।
শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও নজির গড়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করা দশম ব্যাটার হয়েছেন চিন্ময়। ব্রায়ান লারা, ডন ব্র্যাডম্যান, হানিফ মহম্মদ, উইলিয়াম পনসফোর্ডের মতো কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। নাগাল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেই ইনিংসের সৌজন্যেই মিজোরাম ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল।
এর পর মেঘালয়ের বিরুদ্ধে ১৩৫ রান করেন চিন্ময়। বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৫ রান। ২৯০ বলের ইনিংসে আবারও বড়ো রান করে বুঝিয়ে দিয়েছেন, ৪০০ রানের ইনিংস কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না। রঞ্জিতে প্রথম পাঁচ ইনিংসে ৮০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার নজিরও তাই তাঁর দখলে।
এ বার সামনে আরও একটি বড়ো রেকর্ডের হাতছানি। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার নজির গড়তে পারেন চিন্ময়। তার জন্য পরের তিন ইনিংসে তাঁকে করতে হবে ১৬৫ রান। অর্থাৎ, হাতে রয়েছে তিনটি ইনিংস। সেই লক্ষ্যে পৌঁছতে পারলে ক্রিকেটের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবেন তিনি।
আসলে মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেললেও সিনিয়র দলে লাল বলের ক্রিকেটে সুযোগ পাচ্ছিলেন না চিন্ময়। কয়েকটি লিস্ট এ ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের অপেক্ষা দীর্ঘ হয়েছিল। সেই সুযোগের সন্ধানেই এ বার মিজোরামের হয়ে খেলতে শুরু করেন তিনি। আর নতুন দলের হয়ে প্রথম সুযোগেই বুঝিয়ে দিয়েছেন, প্রতিভা থাকলে মঞ্চের অভাব শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারে না। রঞ্জির মঞ্চকে কাজে লাগিয়ে এখন বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিয়েছেন চিন্ময়।




