বিনোদন ডেস্ক: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র ঘরে আসতে চলেছে এক তুমুল ঝড়। এবার ঘর কাঁপাতে একসঙ্গে এন্ট্রি নিচ্ছেন ছোটপর্দাক জনপ্রিয় তিন তারকা। আজ সাতসকালে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতেই ধরা পড়ল সেই মেগা সারপ্রাইজ। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিলেন অভিনেতা আদৃত রায়, সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী হিয়া মুখার্জি। উদ্দেশ্য একটাই— বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেওয়া।
ছোটপর্দার দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এই তিন মুখ। একনজরে দেখে নেওয়া যাক কারা আসছেন খেলা ঘোরানোর এই গেমে প্রথমেই যার নাম উঠে এসেছে তিনি টলি পাড়ার জনপ্রিয় মুখ আদৃত রায়। ‘কুমকুম’ সিরিয়ালের তুমুল জনপ্রিয় নায়ক। পর্দায় তাঁর অভিনয় এবং চকোলেট বয় ইমেজ দর্শকদের মন জয় করেছে আগেই। এবার বিগ বসের অন্দরে তাঁর আসল ব্যক্তিত্ব কেমন, তা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। দ্বিতীয়ত উঠে এসেছে তফসে চরিত্র খ্যাত সাহেব ভট্টাচার্য। ‘গঙ্গা’ সিরিয়ালের মুখ্য অভিনেতা। শান্ত স্বভাবের পাশাপাশি স্ট্রং পার্সোনালিটির জন্য পরিচিত সাহেব এই ঘরে কেমন রণকৌশল নেন, সেটাই দেখার এবং সবশেষে অভিনেত্রী হিয়া মুখার্জি। ‘গঙ্গা’ সিরিয়ালের জনপ্রিয় নায়িকা। সাহেব ও হিয়ার অন-স্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছে।
এতদিন পর্যন্ত বিগ বসের ঘরের সমীকরণ এবং খেলা এক রকম চলছিল। কিন্তু একসঙ্গে তিন-তিনজন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগীর এন্ট্রিতে খেলার হাওয়া যে ১০০ শতাংশ বদলে যাবে, তা বলাই বাহুল্য। পুরনো প্রতিযোগীদের সাজানো ঘুঁটি এবার ওলটপালট হতে বাধ্য। পর্দায় যাঁরা জুটি বেঁধে ইতিমধ্যেই সাধারণ মানুষের মন কেড়েছেন, সেই সাহেব ও হিয়াকে একসঙ্গে ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে দেখার একটা আলাদা আকর্ষণ তো থাকছেই। তার ওপর যোগ দিচ্ছেন আদৃত।
ফলে ঘরের ভেতরে নতুন কোনো সমীকরণ তৈরি হয়, নাকি শুরু হয় নতুন বিবাদ আর মনমালিন্য— তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। বিমানবন্দরে প্রিয় তারকাদের দেখতে আজ ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগীও।
নতুন জুটি, নতুন বন্ধুত্ব, নাকি নতুন কোনো মহাবিপত্তি? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতেই।তবে এই তিন তারকার এন্ট্রি যে বিগ বসের টিআরপি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।




