নিউজ ডেস্ক : একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর আগে ঠিক কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি? কেনই বা এমন একটি বার্তা পোস্ট করেছিলেন? নাগেরবাজারের একটি হোস্টেলে এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ও ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় নাগেরবাজারের একটি হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল হাউস স্টাফ অভিজিৎ সরকারের (৩০) ঝুলন্ত দেহ। ঘরের ভিতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত অভিজিৎ এর বাড়ি বারাসাতে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর সামনে এসেছে তাঁর মৃত্যুর আগে করা একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। সেখানে তিনি লিখেছেন, 'আমি আর পেরে উঠছি না'। এই বার্তাকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীসের চাপে এমন কথা লিখেছিলেন অভিজিৎ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন ওই চিকিৎসক। পাশাপাশি নিরাপত্তাহীনতার বিষয়টিও পরিবারের তরফে সামনে আনা হয়েছে। তবে, ঘটনাটিকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিজনেরা। তাঁদের অভিযোগ, এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। এমনকি খুনের আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে খবর।
অভিজিতের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি হোস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলছে নাগেরবাজার থানার পুলিশ। তাঁর সাম্প্রতিক পরিস্থিতি, মৃত্যুর আগে গতিবিধি এবং পরিবারের অভিযোগ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে, ময়নাতদন্ত ও তদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।




