তেহরান: আমেরিকার সঙ্গে আলোচনার কোনও প্রশ্নই নেই। যুদ্ধের অবসান চাইলে আগে ইরানের দেওয়া ৭টি শর্ত মেনে নিতে হবে ওয়াশিংটনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা আধিকারিক মহসেন রেজ়াই। শুধু তাই নয়, আমেরিকাকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, 'হাত গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন। এ বার আত্মসমর্পণের সময়।' পশ্চিম এশিয়ায় নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ফলে যুদ্ধ থামানোর কূটনৈতিক তৎপরতার মধ্যেই ওয়াশিংটন ও তেহরানের সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠল।
9 নভেম্বর সমাজমাধ্যমে একটি পোস্ট করে আমেরিকার বিরুদ্ধে সরব হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। তাঁর অভিযোগ, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে বলে যে দাবি করছে ট্রাম্প প্রশাসন, তা আসলে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। কোনও কাল্পনিক আলোচনার কথা প্রচার করে ইরানের অবস্থান দুর্বল করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
রেজ়াইয়ের বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আমেরিকা নিজের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোকেই বিপর্যস্ত করেছে। অথচ ওয়াশিংটন এখনও পরিস্থিতি স্বীকার করতে চাইছে না। তাঁর কথায়, আমেরিকা যেন মরিয়া জুয়ারির মতো আচরণ করছে। তাই তেহরানের দাবি, যুদ্ধের অবসান ঘটাতে হলে আমেরিকাকে ইরানের ৭টি শর্ত মেনে নিতে হবে।
কী সেই ৭ শর্ত?
যুদ্ধের অবসান এবং কূটনৈতিক আলোচনা শুরুর জন্য তেহরান যে শর্তগুলি সামনে রেখেছে, তার মধ্যে রয়েছে—
- ইরান-সহ পশ্চিম এশিয়ার সমস্ত রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে। লেবানন, গাজ়া এবং ইয়েমেনেও সংঘাতের অবসান ঘটাতে হবে।
- বিদেশে আটকে থাকা ইরানের সমস্ত আর্থিক সম্পদ মুক্ত করতে হবে।
- ইরানের উপর থেকে মার্কিন নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
- ইরানের উপর আরোপিত অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
- পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী প্রত্যাহার করতে হবে।
- যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
- ইরানকে উদ্দেশ্য করে আমেরিকার তরফে সামরিক হুমকি, অপমান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
তেহরানের বক্তব্য, এই শর্তগুলি পূরণ না হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া কিংবা আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনও প্রশ্ন নেই। তবে সাতটি শর্তের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বিবরণ নিয়ে বিভিন্ন সময়ে ইরানি আধিকারিকদের বক্তব্যে কিছু পার্থক্যও দেখা গিয়েছে।
ট্রাম্পের দাবি, আলোচনায় ইতিবাচক অগ্রগতি!
ইরানের এই কড়া অবস্থানের ঠিক বিপরীত ছবি তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেন, যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
ট্রাম্পের বক্তব্য, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগ এগোচ্ছে। আমেরিকার স্বার্থ সুরক্ষিত রেখেই এই সংঘাতের ইতি টানতে চায় ওয়াশিংটন। কাতার দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ফলে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্পের এই আশাবাদী বক্তব্যের পরেই রেজাইয়ের আক্রমণ পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। তেহরানের বক্তব্য, আমেরিকা আলোচনার অগ্রগতির কথা বললেও বাস্তবে তাদের শর্ত মানার কোনও নিশ্চয়তা নেই।
হরমুজ প্রণালী নিয়েই আটকে কূটনীতি
আমেরিকা ও ইরানের সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহণের উল্লেখযোগ্য অংশ এই জলপথের উপর নির্ভরশীল। ফলে এই প্রণালীতে অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার সরাসরি প্রভাব পড়ে।
ইরান আগেই জানিয়ে দিয়েছে, তাদের শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা হবে না। অন্যদিকে, আমেরিকা এই জলপথের উপর নিয়ন্ত্রণ ও নৌ-অবরোধ সংক্রান্ত অবস্থান থেকে সরে আসতে নারাজ।
ফলে দুই দেশের মধ্যে আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ এবং সামরিক উপস্থিতির প্রশ্ন।
যুদ্ধ থামবে, নাকি নতুন করে সংঘাত?
আন্তর্জাতিক মহলের নজর এখন দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে। একদিকে ট্রাম্প প্রশাসন সংঘাতের অবসানের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইরান জানিয়ে দিচ্ছে, নিজেদের শর্ত থেকে একচুলও সরবে না তারা। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু দুই দেশের অবস্থানের মধ্যে যে বিরাট দূরত্ব রয়েছে, তা দ্রুত মেটার সম্ভাবনা কম।
বিশেষ করে হরমুজ প্রণালী, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে, যুদ্ধের অবসানের আশাবাদী বার্তা আর ইরানের কড়া হুঁশিয়ারি— দুইয়ের মাঝে আটকে রয়েছে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ। ট্রাম্প চাইছেন কূটনৈতিক সাফল্য, আর তেহরানের দাবি, আগে মানতে হবে তাদের সাত শর্ত। ফলে শান্তির আলোচনা শুরু হওয়ার আগেই নতুন করে শক্তি পরীক্ষার মঞ্চ তৈরি হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।




