বেজিং: বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে বিছানায় ছারপোকার কামড় খেতে হয়েছে? কিংবা রাতভর চুলকানি আর অস্বস্তিতে ঘুম উড়েছে? এমন অভিজ্ঞতা থেকে পর্যটকদের রেহাই দিতে অভিনব উদ্যোগ চিনে। এ বার হোটেল বুক করার আগেই জানা যাবে সেখানে ছারপোকার উপদ্রব রয়েছে কি না! যাত্রীদের অভিযোগের ভিত্তিতে হোটেলের অবস্থান মানচিত্রে চিহ্নিত করার সুযোগ দিচ্ছে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম। নাম ‘বেডবাগ ম্যাপ’।
চিনের এই ছোট্ট অ্যাপ্লিকেশন বা উইচ্যাট মিনি-প্রোগ্রাম ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাত্র কয়েক সপ্তাহে ২ লক্ষেরও বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন এই পরিষেবায়। ছারপোকার অভিযোগে চিহ্নিত হয়েছে ৬০০-র বেশি হোটেল।
গত ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে চালু হয় ‘বেডবাগ ম্যাপ’। মূলত পর্যটকদের হোটেলে থাকার অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে এই উদ্যোগ।
কোনও হোটেলে থাকার সময় কেউ যদি ছারপোকা বা অন্য কোনও ক্ষতিকর পোকামাকড়ের সন্ধান পান, তা হলে ওই প্ল্যাটফর্মে হোটেলটির অবস্থান চিহ্নিত করে অভিযোগ জানাতে পারবেন। অন্য ব্যবহারকারীরাও মানচিত্র খুলে সংশ্লিষ্ট হোটেল সম্পর্কে অভিযোগ দেখতে পারবেন। ফলে নতুন কোনও শহরে বেড়াতে যাওয়ার আগে হোটেল বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
এক ক্লিকেই হোটেলের বিরুদ্ধে অভিযোগ
এই প্ল্যাটফর্মের মূল আকর্ষণ তার সহজ ব্যবহারপদ্ধতি। ব্যবহারকারীরা নিজেদের অবস্থান বা পছন্দের শহর নির্বাচন করে মানচিত্রে হোটেলগুলির অবস্থান দেখতে পারেন। কোনও হোটেলে ছারপোকা, আরশোলা কিংবা অন্য পোকামাকড়ের উপদ্রবের অভিযোগ থাকলে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে তা দেখানো হয়। সেই চিহ্নে ক্লিক করলে সংশ্লিষ্ট হোটেল সম্পর্কে জমা পড়া অভিযোগের তথ্য পাওয়া যায়।
শুধু অভিযোগ জানানোই নয়, হোটেল কর্তৃপক্ষের জন্যও রাখা হয়েছে পাল্টা বক্তব্য জানানোর ব্যবস্থা। কোনও হোটেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল বলে মনে হলে কর্তৃপক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে করানো কীটনাশক প্রয়োগ বা জীবাণুনাশের রিপোর্ট, পরিচ্ছন্নতার নথি এবং অন্যান্য প্রমাণ জমা দিয়ে অভিযোগের বিরুদ্ধে আবেদন করতে পারে।
এই উদ্যোগের পিছনে রয়েছেন এক চিনা তরুণ প্রযুক্তিপ্রেমী। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এমন একটি প্ল্যাটফর্ম তৈরির ভাবনা আসে তাঁর। বাড়ি বদলের সময় নিজে ও তাঁর বান্ধবী পোকামাকড়ের কামড়ের সমস্যায় পড়েছিলেন। পরে অনলাইনে খোঁজ করতে গিয়ে দেখেন, হোটেলে ছারপোকার উপদ্রব নিয়ে বহু অভিযোগ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে রয়েছে। কিন্তু সেগুলি এক জায়গায় পাওয়া যায় না। কয়েক দিন পরেই সেই পোস্টগুলি নতুন তথ্যের ভিড়ে হারিয়ে যায়। সেই সমস্যার সমাধান হিসেবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে মাত্র দু'সপ্তাহের মধ্যে তৈরি করেন ‘বেডবাগ ম্যাপ’।
জনপ্রিয়তার সঙ্গে বাড়ল বিতর্কও
তবে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পরেই এই প্ল্যাটফর্মকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, যথেষ্ট প্রমাণ ছাড়াই কোনও কোনও হোটেলের নাম মানচিত্রে তুলে দেওয়া হচ্ছে। কোনও পর্যটকের শরীরে লালচে দাগ বা চুলকানি দেখা দিলেই যে তা ছারপোকার কামড়ের ফল, এমনটা নিশ্চিত করে বলা যায় না। অ্যালার্জি কিংবা অন্য পোকামাকড়ের কামড় থেকেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ফলে ভুল অভিযোগের জেরে হোটেলের ব্যবসা এবং সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমনই একটি ঘটনায় এক হোটেল কর্তৃপক্ষের দাবি, এক অতিথি হোটেল ছাড়ার দু'দিন পর শরীরে কামড়ের দাগের অভিযোগ তুলে প্রায় ৩০০০ ইউয়ান ফেরত চান। পরে ওই হোটেলের নামও বেডবাগ ম্যাপে উঠে আসে। অথচ হোটেল কর্তৃপক্ষের দাবি, তৃতীয় পক্ষের একটি সংস্থাকে দিয়ে সংশ্লিষ্ট ঘর-সহ আরও ২৪টি ঘর পরীক্ষা করানো হয়েছিল। কোথাও ছারপোকা কিংবা তাদের ডিমের সন্ধান মেলেনি। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর অভিযোগের চিহ্ন সরিয়ে দেওয়া হয়।
এই ধরনের বিতর্কের জেরে প্ল্যাটফর্মটির নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
আগে ব্যবহারকারীদের জমা দেওয়া অভিযোগ অন্য ব্যবহারকারীদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যাচাই করা হত। কিন্তু সেই পদ্ধতির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি নির্মাতা নিজেই অভিযোগগুলি যাচাই করার দায়িত্ব নিয়েছেন। এখন কোনও হোটেলকে চিহ্নিত করতে হলে ছারপোকার ছবি-সহ প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু শরীরে কামড়ের দাগ দেখিয়ে অভিযোগ জানালে তা গ্রহণ করা হচ্ছে না।
গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জমা পড়া ৭০০-রও বেশি ছবির প্রমাণ নিজে পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। তার মধ্যে ২৮৪টি অভিযোগ বাতিল করা হয়েছে। আবার যেসব হোটেল নিজেদের নির্দোষ বলে প্রমাণ দিতে পেরেছে, তাদের অভিযোগের চিহ্ন সরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
দু'বার বন্ধ, ফের চালু পরিষেবা
অন্য দিকে, উইচ্যাটের মালিক সংস্থা টেনসেন্টের নিয়ম সংক্রান্ত জটিলতায় পরিষেবাটি দু'বার বন্ধও হয়ে গিয়েছিল। ব্যক্তিগত উদ্যোগে তৈরি কোনও প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জমা দেওয়া তথ্য বা ছবি পরিচালনা করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সেই কারণেই একাধিকবার পরিষেবাটির কাঠামো বদলাতে হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে অভিযোগ যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করার চেষ্টা চলছে।
চিনের সংবাদমাধ্যমগুলির একাংশের মতে, এই অ্যাপের জনপ্রিয়তা আসলে হোটেলের পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রতিফলন। এত দিন কোনও হোটেলে ছারপোকার উপদ্রবের অভিজ্ঞতা হলে পর্যটকদের সামাজিক মাধ্যমে পোস্ট করা ছাড়া বিশেষ উপায় ছিল না। কিন্তু সেই তথ্য অন্য পর্যটকদের কাছে কতটা পৌঁছত, তা নিয়ে সংশয় ছিল। নতুন প্ল্যাটফর্ম সেই বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলিকে একটি মানচিত্রে নিয়ে এসেছে।
ছারপোকা কেন এত বিপজ্জনক?
ছারপোকা বা বেডবাগ মূলত মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। সাধারণত দিনের বেলায় বিছানার গদি, খাটের ফাঁক, আসবাবের কোণ এবং দেওয়ালের ছোট ছোট ফাটলে লুকিয়ে থাকে। রাতের অন্ধকারে সক্রিয় হয়ে মানুষের শরীরে কামড় বসায়। এর ফলে ত্বকে লালচে দাগ, ফোলা ভাব এবং তীব্র চুলকানি হতে পারে। অনেক ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত এবং মানসিক অস্বস্তিও তৈরি হয়। সবচেয়ে বড় সমস্যা, জামাকাপড়, ব্যাগ কিংবা স্যুটকেসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে এই পোকা।
তবে বিশেষজ্ঞদের মতে, মানচিত্রে কোনও হোটেলের নাম চিহ্নিত থাকলেই সেখানে নিশ্চিত ভাবে ছারপোকার উপদ্রব রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি। কারণ, এক দিকে পর্যটকদের নিরাপদে থাকার অধিকার রয়েছে, অন্য দিকে প্রমাণ ছাড়া কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করাও অনুচিত।
চিনের এই উদ্যোগ তাই এক নতুন প্রশ্নও সামনে আনছে—হোটেলের পরিচ্ছন্নতা যাচাইয়ের দায়িত্ব কি শুধু পর্যটকদের অভিজ্ঞতার উপর ছেড়ে দেওয়া যায়? নাকি অনলাইন বুকিং সংস্থাগুলিকেও এ বিষয়ে আরও স্বচ্ছ তথ্য প্রকাশ করতে হবে? আপাতত ‘বেডবাগ ম্যাপ’ সেই আলোচনাকেই নতুন মাত্রা দিয়েছে।




