নিউজ ডেস্ক: পশ্চিম লন্ডনের একটি বাড়ি থেকে উদ্ধার হল ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সি এক তরুণীর গুলিবিদ্ধ দেহ। এই ঘটনায় খুনের অভিযোগে ৩১ বছর বয়সি এক যুবককে অভিযুক্ত করেছে পুলিশ। ধৃত যুবকও ভারতীয় বংশোদ্ভূত। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়।
মৃতার নাম নবনীত কৌর। গত সপ্তাহে হাউনস্লোর চের্টসি রোডের একটি বাড়িতে তাঁর দেহ উদ্ধার হয়। মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার, ৪ নভেম্বর ওই ঠিকানায় ‘ওয়েলফেয়ার চেক’ বা বাসিন্দার নিরাপত্তা ও শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। তখনই তাঁরা নবনীতকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনায় রাজত জাসওয়েল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন এবং জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। সোমবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে পেশ করা হয়।
তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা আধিকারিক সারাহ লি জানিয়েছেন, নবনীতের পরিবার ও প্রিয়জনেরা এই কঠিন সময়ে যে শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা পুলিশ বুঝতে পারছে। তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘এক জনকে গ্রেফতার করে অভিযোগ আনা হয়েছে ঠিকই, কিন্তু তদন্ত এখনও চলছে। এই ঘটনায় সাহায্য করতে পারে, এমন কোনও তথ্য যাঁদের কাছে রয়েছে, তাঁদের সঙ্গে আমরা কথা বলতে চাই।’
ঘটনার তদন্তে স্থানীয় বাসিন্দাদের কাছেও তথ্য চেয়েছে পুলিশ। বিশেষ করে এলাকার বাড়িতে লাগানো ডোরবেল ক্যামেরা কিংবা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে তা তদন্তকারীদের দেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশের বক্তব্য, ওই ফুটেজ থেকে ঘটনার আগে বা পরে এলাকায় সন্দেহজনক কোনও গতিবিধির তথ্য পাওয়া যেতে পারে।
নবনীতের পরিবারের সদস্যদের ঘটনার কথা জানানো হয়েছে। তাঁদের পাশে রয়েছেন পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকেরা। কী কারণে এই হত্যাকাণ্ড, তার নেপথ্যে কী ঘটেছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।




