নিউজ ডেস্ক: গাজায় ইজরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। লাল পোশাক পরে পথে নামলেন হাজার হাজার মানুষ। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন দু’লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মূল দাবি, ইজরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরও কঠোর করতে হবে, দেশটির বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনুষ্ঠানিক ভাবে স্বীকার করতে হবে এবং ইজরায়েলে সমস্ত অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।
‘রেড লাইন’ নামে এই প্রতিবাদ কর্মসূচির অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা সমাজমাধ্যমে জানিয়েছে, মিছিলে দু’লক্ষের বেশি মানুষ যোগ দিয়েছিলেন। প্রতিবাদীদের অনেকের পরনেই ছিল লাল পোশাক। আমস্টারডামের ব্যস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দিয়ে এগিয়ে চলে বিশাল মিছিল। পথে বাসস্টপের উপর দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে এক ব্যক্তি স্লোগান দেন, ‘মুক্ত হোক প্যালেস্টাইন!’ মিছিলের বহু মানুষও সেই স্লোগানে গলা মেলান।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডনগেন বলেন, ‘‘সেখানে যা ঘটছে, তা অমানবিক।’’ ডাচ সরকারের ভূমিকার সমালোচনা করে তাঁর মন্তব্য, ‘‘আমার মতে, সরকার কিছুই করছে না। কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার সাহসও তাদের নেই।’’
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের নেতৃত্বাধীন জঙ্গি হামলায় প্রায় ১২০০ জনের মৃত্যু হয়। পণবন্দি করা হয় ২৫১ জনকে। তার পরেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইজরায়েল। সেই অভিযানে কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে গাজার বিস্তীর্ণ এলাকা। ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অবশ্য জোরালো ভাবে অস্বীকার করেছে দেশটি।
২০২৫ সালের অক্টোবরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় ইজরায়েলি সেনার হামলায় ১৫৫০ জনের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। এই মন্ত্রক হামাস পরিচালিত প্রশাসনের অধীন। তাদের হিসাব অনুযায়ী, নিহতদের প্রায় অর্ধেক মহিলা ও শিশু।
গাজা সংঘাতকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে ইজরায়েলের সম্পর্কেও টানাপড়েন বেড়েছে। গত বছর ইজরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে না পারায় পদত্যাগ করেছিলেন ডাচ বিদেশমন্ত্রী। পরে ক্ষমতায় আসা নতুন সংখ্যালঘু জোট সরকার ইজরায়েল অধিকৃত বসতি এলাকার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে।
প্রধানমন্ত্রী রব জেটেন শুক্রবার বলেন, গাজার পরিস্থিতি উন্নত করতে তাঁর সরকার প্রতিদিন চেষ্টা করছে। ইজরায়েলের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি হামাসের উপরেও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।




