স্পোর্টস ডেস্ক: হাঁটুর গুরুতর চোট, অস্ত্রোপচার, দীর্ঘ আট মাসের কঠিন লড়াই। একটা সময় ঠিকমতো হাঁটতেও পারতেন না। ভরসা ছিল ক্রাচ। অথচ সেই শৌর্যা আম্বুরেই এবার দেশের মুখ উজ্জ্বল করলেন যুব অলিম্পিকে। অস্ত্রোপচারের কয়েক মাসের মধ্যেই ট্র্যাকে ফিরে জিতে নিলেন ব্রোঞ্জ। শুধু পদক জয় নয়, ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসেও নতুন অধ্যায় লিখলেন মহারাষ্ট্রের ১৭ বছরের এই দৌড়বিদ। যুব অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হলেন তিনি।
সেনেগালের ডাকারে রবিবার মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ১৩.৫৯ সেকেন্ড সময় করে তৃতীয় স্থান অর্জন করেন শৌর্যা। প্রতিযোগিতার সেমিফাইনালে শুক্রবার ১৩.৭৭ সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে ওঠার পাশাপাশি পদকের আশাও তৈরি হয়েছিল। কিন্তু ফাইনালে নিজের সেরাটুকু উজাড় করে দিয়ে সেই সময় আরও কমিয়ে আনেন থানের এই অ্যাথলিট। পিছনে ফেলে দেন অস্ট্রিয়ার ফিওনা শোয়ার্জকে। তাঁর সময় ছিল ১৩.৭৬ সেকেন্ড। চিনের কেই ঝাং ১৩.১৭ সেকেন্ডে সোনা এবং ফ্রান্সের আনা পিটার্স ১৩.৫৭ সেকেন্ডে রুপো জেতেন।
তবে এই পদকের পিছনে রয়েছে দীর্ঘ যন্ত্রণার কাহিনি। চলতি বছরের শুরুতে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল শৌর্যাকে প্রায় এক মাস ক্রাচে ভর দিয়ে চলতে হয়েছিল। এরপর শুরু হয় মাঠে ফেরার লড়াই। ভারতের তারকা লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের পরামর্শ এবং কোচ অজিত কুলকার্নির তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেকে তৈরি করেন তিনি।
কোচের কথায়, গত আট মাস তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন সময়। অনেক রাত নির্ঘুম কেটেছে। কিন্তু শৌর্যার লক্ষ্য থেকে কখনও সরে যাননি তাঁরা। ২০২২ সাল থেকেই যুব অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছিলেন এই অ্যাথলিট। ঘরের দেওয়ালে যুব অলিম্পিকের ছবি লাগিয়ে রেখেছিলেন। এমনকি মোবাইলের পর্দাতেও ছিল সেই প্রতিযোগিতার ছবি।
ডাকারে পদক জয়ের পর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ট্র্যাক প্রদক্ষিণ করেন শৌর্যা। এর আগে ২০২৫ সালের এশীয় অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ এবং এশীয় যুব গেমসে দু’টি রুপো জিতেছিলেন তিনি। তবে এবারের সাফল্য নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। চোটকে হারিয়ে শৌর্যের এই প্রত্যাবর্তন আগামী দিনের ভারতীয় অ্যাথলেটিক্সের জন্যও বড় অনুপ্রেরণা।




