স্পোর্টস ডেস্ক: আট বছর আগের স্যান্ডপেপার কাণ্ড কি সত্যিই শেষ হয়ে গিয়েছিল? অস্ট্রেলীয় ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই উসমান খোয়াজার পাশে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার। খোয়াজার সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে প্রাক্তন অজি ওপেনারের সাফ কথা, “১০০ শতাংশ সত্যি বলেছেন উজি।” শুধু তাই নয়, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের তদন্ত কী ভাবে হয়েছিল, তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, তদন্তের পদ্ধতিই ছিল ত্রুটিপূর্ণ। ফলে এত দিন ধরে যে ব্যাখ্যা সামনে এসেছে, তা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি হয়েছে।
নিজের সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় ওয়ার্নার জানান, আট বছর ধরে এই বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু খোয়াজা যে ভাবে নিজের বক্তব্য জানিয়েছেন, তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। আট বছর পর কেন এই প্রসঙ্গ উঠছে, কিংবা বই বিক্রির জন্য খোয়াজা এমন কথা বলছেন কি না, সেই প্রশ্ন তোলার বিরোধিতা করেছেন তিনি। ওয়ার্নারের বক্তব্য, এটি খোয়াজার নিজের গল্প। মানুষ এত দিন যে সত্যিটা জানতে চেয়েছে, সেটাই তিনি সামনে এনেছেন। তাই বক্তব্যের সময়কাল নিয়ে প্রশ্ন না তুলে বিষয়টির গুরুত্ব বোঝা প্রয়োজন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় বিশ্ব ক্রিকেটে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বল ঘষতে দেখা যায়। ঘটনার দায়ে স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নির্বাসিত করা হয়। ব্যানক্রফটের শাস্তি ছিল ৯ মাসের নির্বাসন। এত দিন পর্যন্ত প্রচলিত ধারণা ছিল, এই তিন ক্রিকেটারই ওই ঘটনায় দায়ী ছিলেন।
কিন্তু তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার বলেন, ব্যানক্রফটের পাশে বসে থাকা খোয়াজাকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। তা হলে কী ভাবে সেই তদন্তকে পূর্ণাঙ্গ বলা যায়? তাঁর মতে, গোটা প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল। এখন কাউকে আঙুল তুলে দোষী সাব্যস্ত করা নয়, বরং সত্য উদ্ঘাটন, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা দরকার।
এই বিতর্কের প্রভাব যে শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না, তা-ও জানিয়েছেন ওয়ার্নার। সম্প্রতি মেয়েদের কাছে আট বছর আগের ঘটনার ব্যাখ্যা দিতে হয়েছে তাঁকে। বিশেষ করে ১২ বছরের মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন সেই সময় তাঁদের ঘিরে এত ক্যামেরা ছিল, কেন তাঁরা কাঁদছিলেন। মেয়েদের তিনি বলেছেন, সব সময় সত্যি কথা বলতে হয়। কারণ মিথ্যা এক দিন প্রকাশ্যে আসবেই।
ওয়ার্নারের মতে, সেই কঠিন সময় তাঁর পাশাপাশি স্মিথ ও ব্যানক্রফটের পরিবারকেও ভুগিয়েছে। তাই খোয়াজার বক্তব্যকে সমর্থন করে তিনি ফের তদন্তের স্বচ্ছতার দাবি তুলেছেন। আট বছর আগের ঘটনা যে নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটে অস্বস্তি বাড়াচ্ছে, তা স্পষ্ট।




