স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের পাশাপাশি আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিও শুরু করে দিল ভারতীয় দল। লাল বলের ক্রিকেটে নামার আগে ওয়েলিংটনে বিশেষ প্রস্তুতি শিবির আয়োজনের পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। সেই শিবিরে দলের সঙ্গে থাকতে পারেন তিন ভারতীয় পেসার—অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং অকিব নবি। নেটে টেস্ট দলের ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করার পাশাপাশি প্রয়োজনে রিজার্ভ বোলার হিসাবেও তাঁদের ব্যবহার করা হতে পারে।
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, এক দিনের সিরিজ শেষ হওয়ার পর দলের প্রস্তুতি পরিকল্পনায় কিছু পরিবর্তন আসবে। প্রধান কোচ গৌতম গম্ভীর এক দিনের দলের সঙ্গে থাকবেন। অন্য দিকে, ব্যাটিং কোচ কোটক এবং বোলিং কোচ মর্নি মর্কেল টেস্ট দলের সঙ্গে ওয়েলিংটনে যাবেন। সেখানে টেস্ট ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রস্তুতি শিবির। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর। কোটাক বলেন, ‘গুরনুর, সম্ভবত অকিব নবি এবং অর্শদীপও টেস্টের প্রস্তুতির জন্য থেকে যাবে। আপাতত এ রকমই পরিকল্পনা রয়েছে। তবে সিদ্ধান্ত বদলাতেও পারে।’
আগামী ১১ নভেম্বর থেকে টেস্ট দলের প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা। সেখানে পাঁচ থেকে ছ'টি অনুশীলন পর্ব পাওয়া যাবে ক্রিকেটারদের। ১৯ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়াই ভারতীয় দলের প্রধান লক্ষ্য।
ভারতীয় দলের কোচের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজের পিচগুলি টেস্টের প্রস্তুতিতে সাহায্য করছে। কারণ, উইকেটে ঘাস, সিম মুভমেন্ট এবং অসমান বাউন্স রয়েছে। প্রথম কয়েক ওভার বল সুইং করার পরেও পিচ থেকে সাহায্য পাচ্ছেন বোলারেরা। ফলে ব্যাটারদের জন্য পরিস্থিতি সহজ হচ্ছে না।তিনি বলেন, ‘দু'টি পিচেই সিম এবং সুইং ছিল। টেস্টের প্রস্তুতির জন্য এটা ভালো। বলের ধরন আলাদা হবে ঠিকই, কিন্তু এখানকার পরিবেশ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে।’
এ ছাড়াও নিউ জিল্যান্ডে ভারতীয় এ দলের তিনটি ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সেই ম্যাচগুলিতে ব্যাটার ও বোলারেরা স্থানীয় পরিবেশ, বোলিংয়ের লেংথ এবং বলের আচরণ সম্পর্কে ধারণা পেয়েছেন। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে তাই আগেভাগেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত।




