স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির মতো মহাতারকাকে পরামর্শ দেওয়াও যে কোচের কাছে বড় পরীক্ষা, তা অকপটে স্বীকার করলেন ভারতের প্রাক্তন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট দুর্বলতা বারবার চোখে পড়েছিল তাঁর। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে একইভাবে উইকেট দিয়ে ফিরছিলেন কোহলি। বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন বুঝলেও সরাসরি তাঁকে কিছু বলার সাহস সঞ্চয় করতে হয়েছিল অনেক ভেবেচিন্তে। শেষ পর্যন্ত চতুর্থ টেস্টে বৃষ্টির বিরতিকেই বেছে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারতীয় কোচ।
এক সাক্ষাৎকারে দুশখাতে জানিয়েছেন, আধুনিক ক্রিকেটে তারকা ক্রিকেটারদের প্রভাব এতটাই বেড়েছে যে অনেক কোচই তাঁদের ভুল ধরিয়ে দিতে ভয় পান। কোচের পরামর্শকে কেউ কেউ নিজের চাকরি বাঁচানোর চেষ্টা কিংবা অযথা হস্তক্ষেপ বলে মনে করতে পারেন। তাই কখন একজন ক্রিকেটারের সঙ্গে কথা বলা উচিত, কীভাবে বলা উচিত, সেটা বোঝা অত্যন্ত জরুরি। বিশেষ করে কোহলির মতো ক্রিকেটারের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল।
রায়ানের কথায়, কোহলিকে বারবার একইভাবে আউট হতে দেখে তাঁর মনে হয়েছিল, বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু ভুল সময়ে কোনও কারিগরি পরামর্শ দিলে ব্যাটারের আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। মাঠে নেমে তখন সেই কথাই মাথায় ঘুরতে থাকে। সামনে মিচেল স্টার্কের মতো ভয়ংকর বোলার থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই তাড়াহুড়ো করে কিছু বলতে চাননি তিনি।
শেষ পর্যন্ত বৃষ্টির বিরতিতে কোহলির সঙ্গে কথা বলেন প্রাক্তন সহকারী কোচ। তবে সরাসরি তাঁর ব্যাটিংয়ের সমালোচনা করেননি। বরং আলোচনার পরিবেশ তৈরি করেছিলেন। আর তাতেই চমকে যান টেন ডয়েশে। কোহলি বিরক্ত হওয়া তো দূরের কথা, নিজের শট নির্বাচনের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। কেন তিনি বলটিকে সামনের দিকে গিয়ে খেলতে চান, সেই যুক্তিও তুলে ধরেছিলেন ভারতীয় তারকা।
টেন জানিয়েছেন, কোচের কাজ সব সময় ক্রিকেটারকে নিজের মত মানতে বাধ্য করা নয়। বরং দু’পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। ক্রিকেটারের যুক্তি শুনে প্রয়োজনীয় পরিবর্তনের জায়গা খুঁজে নিতে হয়।
তবে সেই আলোচনার পরও অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে প্রত্যাশিত ফল আসেনি। তবু কোহলির আচরণে মুগ্ধ হয়েছিলেন তিনি। তাঁর মতে, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে যদি এমন কঠিন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা যায়, তা হলে অন্য ক্রিকেটারদের সঙ্গেও সম্ভব। শুধু নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার সঠিক ভাষা ও সময়টা খুঁজে নিতে হবে।




