স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরের মাঝপথেই দু’ভাগ হতে চলেছে ভারতীয় দলের কোচিং স্টাফ। একদিকে চলবে এক দিনের আন্তর্জাতিক সিরিজ, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে টেস্ট সিরিজ। দুই ধরনের ক্রিকেটের প্রস্তুতি একসঙ্গে সামলাতে এবার আলাদা পথে হাঁটার পরিকল্পনা ভারতীয় শিবিরের। তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকছে প্রধান কোচ গৌতম গম্ভীরের হাতেই।
মঙ্গলবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের পরেই কোচিং স্টাফদের দুই দলে ভাগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গম্ভীর এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলে এক দিনের দলের সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ে যাবেন। সেখানে সিরিজের বাকি দু’টি ম্যাচ খেলবে ভারত। অন্যদিকে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং পেস বোলিং কোচ মর্নি মর্কেল চলে যাবেন ওয়েলিংটনে। সেখানে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তাঁরা।
সোমবার হ্যামিল্টনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোটাক জানিয়েছেন, পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে আপাতত এই ব্যবস্থাই কার্যকর হওয়ার কথা। তাঁর কথায়, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে গম্ভীরের এক দিনের দলের সঙ্গে থাকা প্রয়োজন। সম্ভবত বহুতুলেও তাঁর সঙ্গে থাকবেন। বাকি কোচিং স্টাফের কয়েক জনকে নিয়ে তিনি এবং মর্কেল টেস্ট দলের প্রস্তুতির দায়িত্ব সামলাবেন। তবে শেষ সিদ্ধান্ত নেবেন গম্ভীরই।
শুধু কোচেরাই নন, ক্রিকেটারদের নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে ভারতীয় শিবিরের। এক দিনের দলের তিন পেসার গুরনুর ব্রার, অকিব নবি এবং অর্শদীপ সিংকে টেস্ট দলের সঙ্গে রেখে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা নেটে বোলিং করার পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত খেলোয়াড় হিসাবেও প্রস্তুত থাকবেন।
টেস্টের প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানিয়েছেন কোটাক। তাঁর মতে, এক দিনের ম্যাচের জন্য ব্যাটারদের মানসিকতা বদলানোর প্রয়োজন নেই। তবে নিউজিল্যান্ডের পিচে সুইং, সিম মুভমেন্ট এবং অসমান বাউন্সের মোকাবিলা করার অভিজ্ঞতা টেস্ট সিরিজে কাজে লাগবে। বিশেষ করে ঘাসে ঢাকা পিচে ব্যাটারদের পরীক্ষা দিতে হচ্ছে।
আগামী ১১ নভেম্বর থেকে টেস্ট দলের প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা। হাতে থাকবে পাঁচ থেকে ছ’টি অনুশীলন পর্ব। ১৯ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ভারতীয় ক্রিকেটারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য। ফলে এক দিনের সিরিজের মাঝেই টেস্টের প্রস্তুতি গুছিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়া।




