স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির কলঙ্ক এখনও তাড়া করে বেড়ায় অস্ট্রেলীয় ক্রিকেটকে। সেই পুরনো ক্ষতে ফের আঙুল দিলেন প্রাক্তন অজি ব্যাটার উসমান খোয়াজা। তাঁর দাবি, স্যান্ডপেপার কাণ্ডের কথা দলের প্রায় সকলেই জানতেন। এত দিনেও সেই ঘটনার সম্পূর্ণ সত্য সামনে আসেনি বলেই নিজের বইয়ে বিষয়টি তুলে ধরেছেন তিনি। আর খোয়াজার এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে।
খোয়াজার বক্তব্য অবশ্য মোটেই ভালভাবে নেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার নিক ম্যাডিনসন। বরং তাঁর কটাক্ষ, “মানুষের তো বই বিক্রি করতে হয়।” ম্যাডিনসনের মতে, উৎসবের মরশুমে বই বিক্রির লক্ষ্যেই পুরনো বিতর্ককে ফের সামনে আনা হচ্ছে। তাঁর এই মন্তব্যে বিতর্ক আরও উসকে উঠেছে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘ নির্বাসনের মুখেও পড়তে হয়েছিল স্মিথ ও ওয়ার্নারকে। সেই ঘটনার পর অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি বড় ধাক্কা খায়। খোয়াজা তাঁর আত্মজীবনী ‘সবর’-এ লিখেছেন, এত দিন অপেক্ষা করেও তিনি ঘটনার পুরো সত্য প্রকাশ্যে আসতে দেখেননি। তাই নিজের বইয়ে সেই প্রসঙ্গ তুলে ধরেছেন।
ম্যাডিনসনের বক্তব্য, এই বিতর্ক নতুন করে সামনে আসায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ছেন স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া ১-২ ব্যবধানে সিরিজ হারলেও মাঠের বাইরে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল। সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়াও নাকি আগের মতো ছিল না। কিন্তু পুরনো ঘটনা ফের আলোচনায় আসায় সেই তিন ক্রিকেটারকে আবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
ম্যাডিনসন আরও বলেন, অস্ট্রেলিয়ার সামনে এখন ব্যস্ত ক্রিকেট মরশুম। আগামী ছয় মাস দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে পুরনো বিতর্ক ফিরে আসা দুর্ভাগ্যজনক। দক্ষিণ আফ্রিকা সফরেও অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিমানবন্দর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা মন্তব্য শুনতে হয়েছে। সময়ের সঙ্গে সেই চাপ ক্রিকেটারদের উপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি।
খোয়াজা যে বিষয়টি নিয়ে অধিনায়ক প্যাট কামিন্স এবং অন্য ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তা প্রকাশ্যে এসেছে। তবে ম্যাডিনসন জানিয়েছেন, এই বিতর্ক ফের মাথাচাড়া দিচ্ছে, তা তিনি আগে জানতেনই না। সংবাদমাধ্যমের খবর পড়ার পরেই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তাঁর মতে, এ নিয়ে কথা বলার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কামিন্সই। পুরনো কাণ্ডের সত্য প্রকাশের দাবি আর বই বিক্রির উদ্দেশ্য নিয়ে পাল্টা কটাক্ষ— দুইয়ের টানাপড়েনে ফের আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায়।




