স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মধ্যেই একের পর এক চোটের ধাক্কা নিউ জিল্যান্ড শিবিরে। পাঁচ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা কিউয়িদের সমস্যা আরও বাড়ল। চোটের কারণে সিরিজের শেষ দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার লকি ফার্গুসন। অন্য দিকে, দ্বিতীয় এক দিনের ম্যাচে মাথায় চোট পাওয়া ব্লেয়ার টিকনারকেও পরের দু’টি ম্যাচে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ককে।
নিউ জিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন ফার্গুসন। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে চতুর্থ ও পঞ্চম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না তিনি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসারকে না পাওয়ায় বোলিং বিভাগ নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে নিউ জিল্যান্ড।
টিকনারের পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। ওয়েলিংটনে দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত লাগে তাঁর। পরে তাঁকে কনকাশন সাবস্টিটিউট হিসাবে তুলে নেওয়া হয়। পরিবর্ত হিসাবে মাঠে নামেন ম্যাট ফিশার। পরবর্তী পরীক্ষায় টিকনারের কনকাশন ধরা না পড়লেও আইসিসির নিয়ম অনুযায়ী তাঁকে সাত দিনের বাধ্যতামূলক বিশ্রামে থাকতে হবে। তাই তৃতীয় ও চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।
এ দিকে, ম্যাট হেনরির প্রত্যাবর্তন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অকল্যান্ডে অনুশীলনের সময় সতীর্থ ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়েছিলেন তিনি। প্রাথমিক পরীক্ষায় কনকাশন ধরা না পড়লেও ওয়েলিংটনে ফের পরীক্ষা করা হয় তাঁকে। আপাতত চতুর্থ এক দিনের ম্যাচে ফেরার লক্ষ্য রাখা হয়েছে হেনরির।
ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ মঙ্গলবার হ্যামিল্টনে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে মিচেল স্যান্টনারের দলকে। কিন্তু গুরুত্বপূর্ণ পেসারদের অনুপস্থিতিতে কাজটা কঠিন হতে চলেছে তাদের জন্য। অন্য দিকে, প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা ভারত এই ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নেবে।
টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বুধবার টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ ওয়েলিংটনে যাবেন।




