নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছনোর চেষ্টা। কিন্তু সেই বিপজ্জনক যাত্রারই মর্মান্তিক পরিণতি। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা থেকে ১২ জনের দেহ উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকা থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন একটি পণ্যবাহী জাহাজের কর্মীরা। সোমবার সকালে এই ঘটনার কথা জানিয়েছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল বা ২৮ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান মেলে। মৃত ১২ জনের পরিচয় এখনও জানা যায়নি। কী ভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা-ও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া ১৮ জনকে ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ দিন ক্রিটের দক্ষিণে আরও দু’টি অভিবাসন প্রত্যাশীদের নৌকার সন্ধান পেয়েছেন গ্রিসের উপকূলরক্ষীরা। একটি নৌকায় ৪৭ জন এবং অন্যটিতে ৪০ জন ছিলেন। ওই দু’টি নৌকার যাত্রীদেরও দ্বীপের দক্ষিণ উপকূলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
গত কয়েক মাসে আফ্রিকার উত্তর উপকূল থেকে বিপজ্জনক সমুদ্রপথ পেরিয়ে গ্রিসে পৌঁছনোর চেষ্টা করছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দারিদ্রের কারণে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু মানুষ ইউরোপে আশ্রয়ের খোঁজে এই পথ বেছে নিচ্ছেন। অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশের অন্যতম ব্যস্ত সমুদ্রপথের মধ্যে রয়েছে গ্রিস। বার বার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটলেও এই বিপজ্জনক যাত্রা অব্যাহত রয়েছে।




