স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে বড়সড় রদবদলের পথে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে দলে নিতে চলেছে মুম্বই। প্রস্তাবিত এই ক্রিকেটার বিনিময় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। তবে এই চুক্তিতে মুম্বইয়ের লাভ হলেও পাঞ্জাব কিংস কতটা উপকৃত হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ওপেনার অভিনব মুকুন্দ। বিশেষ করে শ্রেয়স আয়ারের নেতৃত্বে হার্দিকের ভূমিকা কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
জিয়োস্টারের একটি অনুষ্ঠানে মুকুন্দ বলেন, ‘‘মেগা নিলামের দিকে ফিরে তাকালে দেখা যাবে, অর্শদীপ, শ্রেয়স এবং যুজবেন্দ্র চহালের মতো তিন জন ক্রিকেটারকে পেতে পঞ্জাব প্রচুর টাকা খরচ করেছিল। যদি সেই মূল দলটার উপরেই আস্থা না থাকে এবং আরও ভালো দল ধরে রাখতে চাও, তা হলে অলরাউন্ডারের প্রশ্নটা সামনে চলে আসে।’’
এর পরেই হার্দিককে নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর কথায়, ‘‘মুম্বইয়ের জন্য এটা দারুণ চুক্তি। কিন্তু পঞ্জাব কিংসের জন্য চুক্তিটা প্রশ্নের মুখে পড়তে পারে। হার্দিক যদি পঞ্জাবে আসে, তা হলে কি সে শুধু অলরাউন্ডার হিসাবেই খেলবে? আমার তো মনে হয়, ওকে শ্রেয়স আয়ারের নেতৃত্বেই খেলতে হবে।’’
মুকুন্দের মতে, এখানেই তৈরি হতে পারে দলের অন্দরের সমীকরণ। গত তিন মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। ফলে হঠাৎ করে অন্য একটি দলে গিয়ে অধিনায়কের অধীনে খেলতে তাঁর কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুকুন্দ বলেন, ‘‘দলের মধ্যে সম্পর্কের সমীকরণের বিষয়টিও রয়েছে। হার্দিক কি এই ব্যাপারে রাজি? শ্রেয়সের সঙ্গে কি এই নিয়ে কোনও আলোচনা হয়েছে? এই সব বিষয় তো পর্দার আড়ালেই ঠিক হয়।’’
হার্দিক পাঞ্জাবে এলে অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন মুকুন্দ। তাঁর ধারণা, হার্দিক দলে এলে স্টোইনিসকে ছেড়ে দিতে পারে পঞ্জাব। তাতে দলের ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্যেও পরিবর্তন আসবে।
শুধু স্টোইনিস নন, পাঞ্জাবের তরুণ অলরাউন্ডার সূর্যাংশ শেডগের সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মুকুন্দের কথায়, ‘‘আমি দেখতে চাই, এই চুক্তি হলে সূর্যাংশ কী ভাবে বিষয়টিকে নেয়। ও এখন ভারতীয় এ দলের হয়ে খেলছে। ভারতীয় ক্রিকেটেও অলরাউন্ডার হিসাবে ওকে পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে ধরা হচ্ছে। হার্দিক এলে ও কি আগের মতো সুযোগ পাবে?’’
অন্য দিকে, ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, অর্শদীপকে ছেড়ে দিলে পাঞ্জাবের বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়তে পারে। তাঁর বক্তব্য, অর্শদীপকে ছাড়ার সিদ্ধান্ত নিলে তাঁর জায়গায় সমমানের বোলারও খুঁজে নিতে হবে। কারণ পঞ্জাবের বোলিং বিভাগ এখনও দলের দুর্বল জায়গা।
প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে মুম্বইয়ের পেস আক্রমণে অর্শদীপের সঙ্গে জসপ্রীত বুমরার জুটি তৈরি হতে পারে। অন্য দিকে, হার্দিককে পেয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শক্তি বাড়ানোর সুযোগ পাবে পাঞ্জাব। তবে চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন এখনও বাকি। ফলে আইপিএল ২০২৭-এর আগে দুই দলের এই সম্ভাব্য রদবদল ঘিরে আলোচনা অব্যাহত।




