শীতের আমেজ কি এবার কিছুটা ধাক্কা পেতে চলেছে? নাকি ফের বৃষ্টির দাপটে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার চেনা ছবি? সকাল থেকে আকাশের পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে কয়েকটি জেলায় আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগণার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে জেলাটির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শুধু উত্তর ২৪ পরগনা নয়, দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ১১ নভেম্বর বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ ও ১৩ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ১০ ও ১১ নভেম্বর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিংপং এ বজ্রপাতের সর্তকতা রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে আপাতত শীতের আমেজ পুরোপুরি ফিরে আসার অপেক্ষা করতে হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি থাকলেও সপ্তাহের শেষ দিকে আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই বাইরে বেরোনোর আগে স্থানীয় আবহাওয়ার আপডেট নজর রাখার পরামর্শ আবহাওয়াবিদদের।




