নিউজ ডেস্ক : একটি পরিবারের অন্দরমহলে কি এমন ঘটেছিল, যার পরিণতি এতটা ভয়াবহ হয়ে উঠল? সন্ধ্যার দিকে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে। পরিবারের এক নাবালক সদস্যের বয়ান আসতেই গোটা ঘটনাই তৈরি হয়েছে নতুন রহস্য। মাত্র দু বছরে শিশুর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে গলা টিপে খুন করেছেন তাঁর মা কেতোকি হালদার। যদিও ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রক্তিম হালদার। তাঁর বাবা রমেশ হালদার। অভিযোগ, সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের দাবি, কেতোকি হালদার এর আগে প্রথম স্বামীকে বিবাহবিচ্ছেদ দিয়ে রমেশ হালদারকে বিয়ে করেছিলেন। তবে পরবর্তীতেও তাঁর আগের সংসারের ১৩ বছর বয়সি ছেলের সঙ্গে যোগাযোগ ছিল। পরিবারের অভিযোগ, ঘটনার দিন ওই নাবালকের সামনেই দু’বছরের শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়।
পরিবারের আরও দাবি, ঘটনার পর ওই নাবালক বাড়ির লোকজনকে সমস্ত বিষয় জানায় এবং প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। এমনকী, শিশুটিকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ উঠেছে। নাবালককে ভয় দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল কি না, তা নিয়েও পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কেতোকি হালদারকে গ্রেফতার করে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, ঘটনার সময় ঠিক কী ঘটেছিল এবং পরিবারের তরফে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাত্র দু’বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তর দুর্গাপুর গ্রামে শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী। পরিবারের অভিযোগগুলির সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত চলছে।




