স্পোর্টস ডেস্ক: প্রতিকূল আবহাওয়া, প্রবল হাওয়ার দাপট, সামনে বিশ্বসেরাদের কঠিন লড়াই। কোনও কিছুই দমাতে পারল না ভারতের শুটার নীরজ কুমারকে। দোহার বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন ২৬ বছরের এই শুটার। শুধু তাই নয়, এই পদক জয়ের সুবাদে ব্যক্তিগত বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদকও এল তাঁর ঝুলিতে। ভারতের জন্যও এটি দ্বিতীয় অলিম্পিক কোটা।
ফাইনালে ৩৪৬.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন পাঞ্জাবের হোশিয়ারপুরের নীরজ। সোনা জেতেন নিরপেক্ষ পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দিমিত্রি পিমেনভ। জুনিয়র বিশ্বরেকর্ড গড়ে তাঁর সংগ্রহ ৩৬২.৮ পয়েন্ট। রুপো পান স্লোভাকিয়ার প্যাট্রিক জানি, ৩৫৭.২ পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে থাকা নরওয়ের জন-হারম্যান হেগও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন। অন্য দিকে, জানি আগে ১০ মিটার রাইফেল বিভাগে নিজের দেশের জন্য অলিম্পিক কোটা নিশ্চিত করায় এই ইভেন্ট থেকে আর একটি কোটা পাওয়া সম্ভব হয়নি স্লোভাকিয়ার।
ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ছন্দে ফেরেন নীরজ। প্রথম নিলিং সিরিজের পর আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম স্থানে ছিলেন তিনি। কিন্তু ৩০টি শটের পর উঠে আসেন দ্বিতীয় স্থানে। রুপোর লড়াইয়েও ছিলেন জোরদারভাবে। তবে ৩৪তম শটে ৯.৪ পয়েন্ট পাওয়ায় শেষ পর্যন্ত তৃতীয় স্থানে নেমে যেতে হয় তাঁকে। ভারতের আর এক শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমর ৩২৩.৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হন।
এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর অনুশীলন ও পরিকল্পিত পরিবর্তন। যোগ্যতা অর্জন পর্বে ৫৯১ পয়েন্ট করে শীর্ষে ছিলেন নিরাজ। কিন্তু ফাইনালের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রবল হাওয়া। জাতীয় রাইফেল কোচ মনোজ কুমারের কথায়, দিল্লির কর্নি সিং শুটিং রেঞ্জে সাধারণত হাওয়ার গতি থাকে ৬-৭ নট। দোহায় তা পৌঁছেছিল ১৬-১৭ নটে। হাওয়ার দিক বুঝে নিশানা সামলানোর কৌশলেই সাফল্য পান নীরজ।
এশিয়ান গেমসে প্রত্যাশামতো ব্যক্তিগত পদক না পাওয়ার পর নিজের নিলিং পজিশনের দুর্বলতা কাটাতে বিশেষ নজর দিয়েছিলেন তিনি। পোশাকের পরিবর্তন, রাইফেলের ভারসাম্য এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণেও কাজ হয়েছে। ভারতের প্রথম অলিম্পিক কোটা এসেছিল জয়পাল মালভিয়ার হাত ধরে, ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতে। নীরজের ব্রোঞ্জে সেই তালিকায় যোগ হল দ্বিতীয় নাম। কোচের আশা, এই পদকই নিরাজের বিশ্বজয়ের পথে বড় পদক্ষেপ হয়ে উঠবে।




