নয়াদিল্লি: খবরের দুনিয়ায় প্রতিদিনই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। নির্দিষ্ট সময়ের মধ্যে খবর পৌঁছে দেওয়াই তাঁদের পেশার অন্যতম চ্যালেঞ্জ। আর সেই ডেডলাইনের প্রসঙ্গ টেনেই এবার দেশের সামনে ২০৪৭ সালের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, সাংবাদিকদের মতোই একটি দেশকেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যে পৌঁছতে হয়। ভারতের ক্ষেত্রে সেই সময়সীমা ২০৪৭। স্বাধীনতার ১০০ বছর পূর্তির আগেই ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংবাদমাধ্যমে টেলিভিশন সম্প্রচার হোক কিংবা সংবাদপত্র প্রকাশ, প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ থাকে। এই ডেডলাইনের গুরুত্ব শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, একটি দেশের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
মোদীর বক্তব্য, স্বাধীনতার পর থেকেই ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছে। তবে বর্তমানে সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হওয়ার আগেই দেশকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিক, প্রতিষ্ঠান এবং দেশের সমস্ত স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও বার্তা দেন তিনি।
এ দিন সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতের প্রাণবন্ত গণতন্ত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে নানা মত, নানা চিন্তাভাবনা এবং মতপার্থক্য থাকলেও গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান উল্লেখযোগ্য।
বিশেষ করে মাঠে নেমে খবর সংগ্রহ করা সাংবাদিকদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, অনেক সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা নিজেদের জীবনের ঝুঁকি নেন। পরিবারের চিন্তা সরিয়ে রেখে ঘটনাস্থলে পৌঁছে মানুষের সামনে সত্য তুলে ধরার চেষ্টা করেন। তাঁদের এই নিষ্ঠা ও সাহসিকতা তিনি বরাবরই শ্রদ্ধা করেন।
সাংবাদিকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের যোগাযোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নব্বইয়ের দশকে বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকার সময় থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল বলে জানান তিনি। সেই সময় সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর জন্য ফ্যাক্স মেশিন খুঁজতে হত। আর বর্তমানে সেই জায়গা নিয়েছে ইনস্টাগ্রাম রিলসের মতো ডিজিটাল মাধ্যম।
দিল্লির অশোক রোডে বিজেপির পুরনো কার্যালয়ের দিনগুলির স্মৃতিও ভাগ করে নেন মোদী। দীপাবলি মিলন অনুষ্ঠানে একসময় তাঁর দায়িত্ব ছিল চেয়ার সাজানো এবং সাংবাদিকদের দেখভাল করা। তখন ক্যামেরার সংখ্যা কম থাকলেও সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের আন্তরিকতা একই রকম ছিল বলে জানান তিনি।
২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্য সামনে রেখে এ দিনের বক্তব্যে দেশ গঠনে সম্মিলিত দায়িত্বের উপরই বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী।




