নয়াদিল্লি: ক্যানসারের চিকিৎসা মানেই বিপুল খরচ। বিশেষ করে আধুনিক ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ওষুধ কিনতে গিয়ে বহু পরিবারকে শেষ করতে হয় সঞ্চয়ের টাকা। চিকিৎসার খরচ সামলাতে গিয়ে কেউ ঋণ নিচ্ছেন, কেউ আবার মাঝপথে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্যানসারের ওষুধের দাম কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপে কিছুটা স্বস্তি মিলল রোগীদের। 137টি ক্যানসারের ওষুধের উপর ব্যবসায়িক মুনাফার (Trade Margin) ঊর্ধ্বসীমা 30 শতাংশ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতেই একাধিক ওষুধের দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)-র প্রকাশিত সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, 1,366টি ওষুধের বিভিন্ন ব্র্যান্ড, ডোজ ও প্যাকেটের দাম পর্যালোচনা করে গড়ে প্রায় 6,000 টাকা পর্যন্ত মূল্যহ্রাসের ছবি সামনে এসেছে। তবে এই স্বস্তি সর্বত্র পৌঁছয়নি। বিশেষ করে অত্যন্ত দামি পেটেন্ট ওষুধগুলির ক্ষেত্রে কার্যত কোনও পরিবর্তন হয়নি।
কোন ওষুধের দাম কতটা কমল?
সংশোধিত মূল্যতালিকায় দেখা যাচ্ছে, 1,366টি ওষুধের মধ্যে 401টির দাম 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কমেছে। আরও 207টি ওষুধের দাম কমেছে 5,000 থেকে 10,000 টাকার মধ্যে। 144টি ওষুধের ক্ষেত্রে মূল্যহ্রাসের পরিমাণ 10,000 থেকে 20,000 টাকা।
এমনকী আটটি ওষুধের ক্ষেত্রে প্রতি ইউনিটে দাম কমেছে 50,000 টাকারও বেশি।
এই তালিকায় উল্লেখযোগ্য প্রস্টেট ক্যানসারের ওষুধ এনজ়ালুটামাইড। অ্যাস্টেলাস ফার্মার তৈরি এই ওষুধের দাম প্রায় 2 লক্ষ টাকা কমেছে বলে সংশোধিত মূল্যতালিকায় উঠে এসেছে। অন্যদিকে, সব ওষুধের দাম অবশ্য কমেনি। 201টি ওষুধের ক্ষেত্রে পুরনো দামই বহাল রয়েছে। আরও 255টি ওষুধের দাম কমেছে 100 টাকারও কম। অর্থাৎ মোট 456টি ওষুধের ক্ষেত্রে মূল্যহ্রাস কার্যত নগণ্য।
দামি পেটেন্ট ওষুধে কেন মিলল না স্বস্তি?
এই উদ্যোগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ধরা পড়েছে পেটেন্ট ও একক সংস্থার নিয়ন্ত্রণে থাকা ওষুধের ক্ষেত্রে। সংশোধিত তালিকায় এমন 39টি ওষুধের 62টি ফর্মুলেশনের দাম অপরিবর্তিত রয়েছে। কারণ, এই ওষুধগুলির বাজারে প্রতিযোগিতা কম এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট একটি সংস্থাই সেগুলি বাজারজাত করে। এর মধ্যে রয়েছে পেমব্রোলিজুমাব (Pembrolizumab)। কিট্রুডা (Keytruda) নামে পরিচিত এই ইমিউনোথেরাপির ওষুধ প্রায় 18 ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাতেও রয়েছে এটি।
কিন্তু দাম কমানোর নতুন সিদ্ধান্তের পরেও ওষুধটির মূল্য অপরিবর্তিত রয়েছে। একই পরিস্থিতি স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত রিবোসাইক্লিব (Ribociclib) এবং অ্যাবেমাসাইক্লিব (Abemaciclib)-এর ক্ষেত্রেও। আধুনিক টার্গেটেড থেরাপিতে ব্যবহৃত এই ওষুধগুলির দাম বহু রোগীর নাগালের বাইরে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ইউনিটে 1 লক্ষ টাকার বেশি দাম এমন 57টি ওষুধের ফর্মুলেশনের মধ্যে মাত্র চারটির দাম কমেছে। অর্থাৎ সবচেয়ে দামি ওষুধগুলির ক্ষেত্রেই মূল্যহ্রাসের প্রভাব সবচেয়ে কম।
কীভাবে কাজ করবে নতুন নিয়ম?
ওষুধের দাম কমানোর জন্য কেন্দ্র এবার সরাসরি প্রতিটি ওষুধের উৎপাদনমূল্য নির্ধারণ করেনি। বরং উৎপাদক সংস্থা থেকে প্রথম বিক্রির পর্যায়, অর্থাৎ স্টকিস্ট বা হাসপাতালের কাছে ওষুধ বিক্রির দামের উপর ব্যবসায়িক মুনাফার সীমা বেঁধে দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত 137টি ক্যানসারের ওষুধের ক্ষেত্রে এই ট্রেড মার্জিন 30 শতাংশের বেশি হতে পারবে না। আগে বহু ক্ষেত্রে উৎপাদনকারী সংস্থা, পরিবেশক এবং খুচরো বিক্রেতার মধ্যে দামের ব্যবধান অত্যন্ত বেশি ছিল।
কোনও কোনও ওষুধে এই ব্যবধান 700 শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। ফলে উৎপাদনমূল্যের তুলনায় রোগীদের অনেক বেশি টাকা দিয়ে ওষুধ কিনতে হত। এই ব্যবধান নিয়ন্ত্রণ করতেই নতুন ব্যবস্থা চালু করেছে সরকার। গত 9 নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নতুন সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
রোগীদের কতটা লাভ হবে?
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা সেই সমস্ত রোগীদের, যাঁরা একাধিক সংস্থার তৈরি একই ধরনের ক্যানসারের ওষুধ ব্যবহার করেন। কারণ, বাজারে প্রতিযোগিতা থাকলে ব্যবসায়িক মুনাফার উপর নিয়ন্ত্রণের প্রভাব দামে পড়ার সম্ভাবনা বেশি।
বিশেষজ্ঞদের মতে, হাসপাতালের ভিতরে থাকা ওষুধের দোকানগুলির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় হাসপাতালে ভর্তি রোগীদের বাইরে থেকে ওষুধ কেনার সুযোগ থাকে না। হাসপাতাল চত্বরের দোকান থেকেই নির্ধারিত দামে ওষুধ কিনতে হয়।
ফলে নতুন MRP কার্যকর হলে এই ধরনের রোগীদের সরাসরি আর্থিক সুবিধা হতে পারে। তবে পেটেন্ট ওষুধের ক্ষেত্রে শুধু ব্যবসায়িক মুনাফা নিয়ন্ত্রণ করে দাম কমানো সম্ভব নয় বলে মনে করছেন ওষুধের মূল্যনীতি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পেটেন্ট আইনের অধীনে বাধ্যতামূলক লাইসেন্সিং (Compulsory Licensing) অথবা সরকারি ব্যবহারের মতো ব্যবস্থার কথা বিবেচনা করতে হবে। তবেই একক সংস্থার নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত দামি ওষুধের দাম কমানোর পথ খুলতে পারে।
চিকিৎসার খরচই এখনও সবচেয়ে বড় বাধা
ক্যানসারের আধুনিক চিকিৎসায় নতুন ওষুধের ব্যবহার বাড়লেও আর্থিক সামর্থ্যের অভাবে বহু রোগী সেই চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। টাটা মেমোরিয়াল হাসপাতালের একটি বাস্তবভিত্তিক গবেষণায় দেখা গিয়েছে, পেটেন্টযুক্ত টার্গেটেড থেরাপির প্রয়োজন রয়েছে এমন রোগীদের মাত্র 1.6 শতাংশ এই চিকিৎসা পান। চিকিৎসার বিপুল খরচই এর অন্যতম প্রধান বাধা।
ফলে কেন্দ্রের নতুন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, ক্যানসারের চিকিৎসাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে আরও বড় নীতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ওষুধের দাম নিয়ন্ত্রণ, জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানো, সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার পরিকাঠামো এবং স্বাস্থ্যবিমার আওতা সম্প্রসারণ—সব দিকেই নজর দিতে হবে।
সব মিলিয়ে, 137টি ক্যানসারের ওষুধের উপর ট্রেড মার্জিনের ঊর্ধ্বসীমা নির্ধারণে বহু রোগীর খরচ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আধুনিক চিকিৎসার সবচেয়ে দামি ওষুধগুলির মূল্য অপরিবর্তিত থাকায় প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা কি সত্যিই সাধারণ মানুষের নাগালে আসছে, নাকি এখনও অর্থের অভাবেই থমকে যাবে বহু রোগীর বাঁচার লড়াই?




