কলকাতা, নিউজ ডেস্ক: শীঘ্রই শীতের আমেজ অনুভব করতে চলেছেন বঙ্গবাসী। তার আগেই নতুন করে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। অর্ণব, মুরাসু-র পর এবার চোখ রাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। যার নাম ‘আকভান’। এই নাম দিয়েছে ইরান। তাহলে কি শীতের আমেজে বাধা হবে ঘূর্ণিঝড় ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে আজ বা কাল। যা ক্রমশ পশ্চিম দিকে সরে অন্ধ্র উপকূলে পৌঁছবে। তবে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপটি স্থলভাগে পৌঁছলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। নিম্নচাপের জেরে এরাজ্যে উপকূল জেলা গুলিতে বৃষ্টি হতে পারে। আর নিম্নচাপ কেটে গেলে, কিছুদিনের জন্য শীতের আমেজ ভালভাবেই টের পাবেন কলকাতাবাসী।
আগামী ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। এই সময় আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে সতর্কবার্তাও।




