নিউজ ডেস্ক: দাবার বোর্ডে একের পর এক সাফল্য। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নও এখন হাতের নাগালে। অথচ আন্তর্জাতিক দাবার মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের পাশাপাশি এখন অন্য এক কঠিন লড়াইয়ের মুখে ভারতের ১৭ বছরের দাবা প্রতিভা মহম্মদ ইমরান। পরিবারের মাথায় প্রায় ৫০ লক্ষ টাকার ঋণের বোঝা। তার উপর আমেরিকার ভিসা জটিলতা। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভবিষ্যৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সময়ের মধ্যে আমেরিকায় পৌঁছতে না পারলে হাতছাড়া হতে পারে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্কলারশিপ।
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ইমরান ২০২৫ সালে আন্তর্জাতিক মাস্টার (আইএম) হয়েছিলেন। তাঁর পরবর্তী লক্ষ্য গ্র্যান্ডমাস্টার খেতাব। সেই লক্ষ্যে ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছিলেন তিনি। কিন্তু গত জুনে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। সেখানে হারিয়ে যায় তাঁর পাসপোর্ট, ফোন, টাকা এবং বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র। সবচেয়ে বড় সমস্যা, পাসপোর্টের সঙ্গেই হারিয়ে যায় তাঁর বৈধ আমেরিকার এফ-১ ভিসা এবং শেনজেন ভিসা।
বিদেশের মাটিতে কার্যত অসহায় হয়ে পড়েছিলেন তরুণ দাবাড়ু। পরে বুদাপেস্টে ভারতীয় দূতাবাস থেকে ২৯ জুন নতুন পাসপোর্ট পান তিনি। ৬ জুলাই দেশে ফেরেন। কিন্তু দেশে ফিরেও ভিসা সমস্যার সমাধান হয়নি। ৭ জুলাই হাঙ্গেরির শেনজেন ভিসার জন্য ফের আবেদন করেন ইমরান। সেটি ছিল তাঁর ত্রয়োদশ আবেদন। আগে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেলেও এ বার তাঁকে মাত্র তিন মাসের ভিসা দেওয়া হয়। ইমরানের কথায়, একই ধরনের পরিস্থিতিতে তাঁর পরিচিত অনেক দাবাড়ু দুই থেকে পাঁচ বছরের ভিসা পেয়েছেন। বিষয়টি তাঁর কাছে যথেষ্ট হতাশাজনক।
এ দিকে দাবার বোর্ডে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। ব্রাতিস্লাভার ঘটনার পর পর পর দু'টি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন ইমরান। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তাঁর প্রয়োজন আর একটি নর্ম। সেই লক্ষ্যেই ইউরোপে একাধিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আমেরিকার ভিসা না পাওয়ায় সেই পরিকল্পনাও ধাক্কা খায়।
ইমরানের স্বপ্ন, আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট রিও গ্র্যান্ডে ভ্যালিতে পড়াশোনার পাশাপাশি দাবা খেলা চালিয়ে যাওয়া। ২০২৬ সালের অগস্টে তাঁর সেখানে ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় ভর্তি পিছিয়ে ২০২৭ সালের বসন্তকালীন সেমেস্টারে নিয়ে যেতে হয়েছে। আগামী ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান। তার আগে আমেরিকার এফ-১ ভিসা না পেলে সম্পূর্ণ স্কলারশিপ হারানোর আশঙ্কা রয়েছে তাঁর।
টাইমস অফ ইন্ডিয়াকে ইমরান জানিয়েছেন, জুনের ঘটনার পর থেকে অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর—টানা চার মাস প্রতিদিন আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। তাঁর কথায়, ‘আমি চার মাস ধরে প্রতিদিন চেষ্টা করেছি। কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি।’ এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে তাঁর খেলাতেও। এক সময় তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ২৫০৩। বর্তমানে তা কমে হয়েছে ২৪৭৭। মানসিক চাপের কারণেই পারফরম্যান্সে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তিনি।
ইমরানের বাবা পুলিশকর্মী, মা গৃহবধূ। ছেলের আন্তর্জাতিক দাবার কেরিয়ার চালিয়ে যেতে পরিবারকে প্রতি মাসে প্রায় দেড় থেকে তিন লক্ষ টাকা খরচ করতে হয়। বিমানভাড়া, ভিসা, থাকা-খাওয়া, প্রতিযোগিতার প্রবেশমূল্য—সব মিলিয়ে সেই খরচ সামলানো কঠিন হয়ে উঠেছে। পরিবারের ঋণের পরিমাণ ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ লক্ষ টাকায় পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর-সহ বিভিন্ন জায়গায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।
তবে হাল ছাড়তে রাজি নন ইমরান। ১৯ নভেম্বর ফের ইউরোপে যাওয়ার কথা তাঁর। পর্তুগাল, স্পেন এবং সুইডেনে চারটি প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। লক্ষ্য, শেষ গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করা। পাশাপাশি আমেরিকার ভিসার সমস্যাও মেটাতে চান। ইমরানের সামনে এখন সময়ের সঙ্গে দ্বিমুখী লড়াই। এক দিকে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন, অন্য দিকে উচ্চশিক্ষার সুযোগ বাঁচিয়ে রাখার লড়াই।




