নিউজ ডেস্ক: তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারের জন্য বই কেনায় দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড়। আর সেই মামলার শুনানিতেই আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর প্রশংসা করলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা বহু প্রতিভাবান মানুষের সাফল্য ও অবদান জাতীয় স্তরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই অনুষ্ঠান। ১১ নভেম্বর মাদুরাই বেঞ্চে মামলার শুনানির সময় এই মন্তব্য করেন বিচারপতি জি আর স্বামীনাথন।
বিচারপতি স্বামীনাথন এবং বিচারপতি এম ডি সুমতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারগুলির জন্য বই কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগের শুনানি করছিল। নিজের পর্যবেক্ষণে বিচারপতি স্বামীনাথন জানান, ‘মন কি বাত’ প্রসঙ্গে তাঁর মন্তব্য ছিল কিছুটা হালকা মেজাজের। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে এমন অনেক মানুষের কৃতিত্ব সামনে এসেছে, যাঁদের প্রতিভা হয়তো অন্যথায় আড়ালেই থেকে যেত।
এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন অষ্টাদশ শতকের কবি থমাস গ্রের বিখ্যাত কবিতা ‘Elegy Written in a Country Churchyard’-এর কথা। কবিতাটিতে প্রত্যন্ত এলাকায় থেকে যাওয়া প্রতিভাবান অথচ অস্বীকৃত মানুষের জীবনের কথা তুলে ধরা হয়েছে।
মামলার সঙ্গে কীভাবে জুড়ল ‘মন কি বাত’?
এই মামলায় উঠে এসেছে আরও একটি চমকপ্রদ তথ্য। আদালতে এক বিশেষজ্ঞ কমিটির সদস্য জানান, ‘মন কি বাত’-এর তামিল অনুবাদ ‘মনাথিন কুরল’ সরকারি গ্রন্থাগারে কেনার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বই কেনা হয়নি।
কেন সুপারিশ থাকা সত্ত্বেও এই বই বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি স্বামীনাথন। তাঁর প্রশ্ন, যেখানে এই বই কেনার সুপারিশ ছিল, সেখানে আগল ভিলাক্কু পাবলিকেশন্সের প্রকাশিত বইগুলি কীভাবে নির্বাচিত হল? বিষয়টি যাচাই করতে আদালত পাবলিক লাইব্রেরির ডিরেক্টরের কাছেও ব্যাখ্যা চেয়েছিল। কিন্তু তাঁর কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।
বই কেনায় দুর্নীতি, তদন্তের নির্দেশ
পুরো মামলার সূত্রপাত সরকারি গ্রন্থাগারের জন্য কেনা কিছু বইয়ের গুণমান, দাম ও সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর। তামিল লেখক পেরুমল মুরুগনও কয়েকটি বইয়ের মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অভিযোগ, কিছু বইয়ের বিষয়বস্তু সন্দেহজনক এবং সেগুলির কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হয়ে থাকতে পারে।
মামলায় এবার কড়া পদক্ষেপ করেছে আদালত। দুর্নীতি ও নজরদারি দফতরকে (DVAC) অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকাশকদের সঙ্গে যুক্ত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ২২ লক্ষ টাকা রয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও বই কেনার অনুমোদন প্রক্রিয়ায় কোন আধিকারিকরা যুক্ত ছিলেন, তাঁদের বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। সরকারি অর্থের অপব্যবহার হয়েছিল কি না, বই নির্বাচনে কী ধরনের অনিয়ম হয়েছে, তদন্তে এবার সেই প্রশ্নগুলিরই উত্তর খোঁজা হবে।




