নিউজ ডেস্ক: প্রথম ধাক্কাটা খেতেই হল জিনেদিন জিদানকে। ফ্রান্সের কোচ হওয়ার পর প্রথম হারের মুখ দেখলেন তিনি। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির কাছে ১-৩ গোলে হারল ফ্রান্স। তবে এই হার নিয়ে এখনই উদ্বিগ্ন হতে রাজি নন জিদান। বরং দলের উন্নতির পথে এই ধাক্কাকে ‘প্রক্রিয়ার অঙ্গ’ হিসাবেই দেখছেন তিনি। যদিও দলের রক্ষণাত্মক দুর্বলতা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ফ্রান্সের কোচ।
মিলানের সান সিরোতে ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের পক্ষেই ছিল। মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় জিদানের দল। কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। ফ্রান্সের রক্ষণকে বার বার চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইতালি। ফ্রান্সের জালে জোড়া গোল করেন ফ্রান্সেসকো পিও এস্পোজ়িতো। বাকি গোলটি ডেভিডে ফ্রাত্তেসির। ফলে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ইতালি।
ম্যাচের পর জিদান বলেন, “আমরা ভাল শুরু করেছিলাম। বলের দখলও ভাল ছিল আমাদের। কিন্তু দ্বিতীয়ার্ধে বিশেষ করে রক্ষণে সমস্যায় পড়ি।” দল সাহসের অভাব দেখিয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না, ঠিক উল্টো। আমরা ম্যাচে ছিলাম। বলের দখলও ভাল রেখেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে বিশেষ করে ২-১ গোলে পিছিয়ে পড়ার পর আমাদের খেলা কিছুটা ভেঙে পড়ে। এটা প্রক্রিয়ারই অঙ্গ।”
ম্যাচে দু’বার পোস্টে লেগে ফিরে আসে ফ্রান্সের শট। বলের দখলে ৬০ শতাংশ এগিয়ে থেকেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। জিদানের মতে, সুযোগ তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “পোস্টে বল লাগার প্রভাব অবশ্যই পড়েছিল। কিন্তু আমি হতাশ নই। যদি আমরা ভাল ভাবে বলের দখল রাখতে না পারতাম, তা হলে হতাশ হতাম। আমাদের বিশ্লেষণ করতে হবে, বল ছাড়া আমরা কেন প্রত্যাশিত মানে খেলতে পারিনি।”
এই ম্যাচে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে ছিলেন না। তবে তাঁদের অনুপস্থিতিকে হারের কারণ হিসাবে দেখতে চাননি জিদান। এমবাপে পরের ম্যাচে ফিরতে পারেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর আশা, তুরস্কের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন রিয়াল মাদ্রিদের তারকা। এই হারের পর গ্রুপ এ১-এ ১০ পয়েন্ট নিয়ে ইতালির পিছনে দ্বিতীয় স্থানে ফ্রান্স। দুই দলের পয়েন্ট সমান হলেও হেড-টু-হেডে এগিয়ে ইতালি। রবিবার শেষ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ফ্রান্স।




