স্পোর্ট ডেস্ক: বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির প্রভাবমুক্ত করার কথা বারবার বলেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ— দু’জনেই এই বিষয়ে সরব হয়েছেন। অথচ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির নতুন কমিটি ঘিরে তৈরি হয়েছে উলটপুরাণ। একাধিক কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপির বিধায়ক ও নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ, রীতেশ তিওয়ারি-সহ মোট তিন বিধায়ক। পাশাপাশি জায়গা পেয়েছেন বিজেপির দুই জেলা সভাপতিও। ফলে ক্রীড়া প্রশাসনকে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি নিয়েই উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিএবির নতুন কমিটির সদস্যদের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, সজল ঘোষকে রাখা হয়েছে টুর, ফিক্সচার ও টেকনিক্যাল কমিটিতে। মাস দেড়েক আগে সিএবির বার্ষিক সাধারণ সভায় তাঁর উপস্থিতি ঘিরেই জল্পনা শুরু হয়েছিল। এ বার সেই জল্পনাই সত্যি হল। এর আগে রাজনীতিবিদদের ক্রীড়া প্রশাসনে থাকা নিয়ে প্রশ্নের জবাবে সজল জানিয়েছিলেন, এলাকার একটি ক্লাবের প্রতিনিধি হিসেবেই তিনি সভায় যোগ দিয়েছিলেন। ক্লাব চাইলে তাঁকে সরিয়েও দিতে পারে। তাঁর বক্তব্য ছিল, ক্রিকেটের উন্নতির স্বার্থে কোনও ক্লাব যদি বিধায়ককে প্রতিনিধি করে পাঠায়, তার নিশ্চয়ই কোনও কারণ রয়েছে।
সিএবির নতুন কমিটিতে জায়গা পেয়েছেন রীতেশ তিওয়ারিও। তাঁকে রাখা হয়েছে অর্থ কমিটিতে। উত্তরের বিধায়ক সৌরভ সিকদার রয়েছেন মাঠ কমিটিতে। একই কমিটিতে জায়গা পেয়েছেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে রাখা হয়েছে স্কুল কমিটিতে। এ ছাড়া স্টেডিয়াম কমিটিতে স্থান পেয়েছেন অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনি ডালমিয়া।
বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবেই বিজেপির বিধায়ক ও নেতারা সিএবির বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছিলেন। পরে তাঁদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কাউকেই কোনও কমিটির চেয়ারম্যান করা হয়নি। সিএবির সর্বোচ্চ পরিষদের বৈঠকে অনুমোদনের পরই নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রশ্ন উঠছে, রাজনীতিবিদদের ক্রীড়া প্রশাসন থেকে দূরে রাখার কথা বলা হলেও সিএবির কমিটিতে একাধিক বিজেপি নেতা-বিধায়কের জায়গা হল কীভাবে? ক্লাবের প্রতিনিধি হিসেবে তাঁদের অন্তর্ভুক্তি হলেও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এড়ানো যাচ্ছে না। ফলে নতুন কমিটি ঘিরে বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে শুরু হয়েছে নতুন আলোচনা।




