নিউজ ডেস্ক: জাপানের কুমামোতো মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন লক্ষ্য সেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানের ইউশি তানাকাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। তবে শেষ আটের লড়াই থেকেই বিদায় নিতে হল ভারতের অভিজ্ঞ শাটলার কিদাম্বি শ্রীকান্তকে। জাপানের কোকি ওয়াতানাবের কাছে হেরে গেলেন তিনি।
বিশ্ব ক্রমতালিকায় ১৩ নম্বরে থাকা লক্ষ্য মাত্র ৪০ মিনিটে ২১-১৬, ২১-১৫ গেমে হারান তানাকাকে। প্রতিযোগিতার অষ্টম বাছাই ভারতীয় তারকা সম্প্রতি হাইলো ওপেন জিতেছেন। এ বার তাঁর সামনে মরসুমের শেষ প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের চ্যালেঞ্জ। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের ক্রমতালিকায় প্রথম আটে থাকতে পারলেই চিনে আয়োজিত সেই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন তিনি। আপাতত ৬৪,৯৮০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছেন লক্ষ্য।
সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার আলউই ফারহান। ষষ্ঠ বাছাই এই শাটলারের বিরুদ্ধে এর আগে দু’বার খেলেছেন লক্ষ্য। দু’বারই হারতে হয়েছে তাঁকে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ভারতীয় তারকাকে।
তানাকার বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লক্ষ্য। ৫-৫ থেকে এগিয়ে গিয়ে বিরতিতে ১১-৭ করেন তিনি। তানাকা এক সময় ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও লক্ষ্যকে আটকাতে পারেননি। দ্বিতীয় গেমেও দু’জনের মধ্যে লড়াই জমে ওঠে। ৯-৯ অবস্থার পর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে এগিয়ে যান ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত তানাকার ভুলের সুযোগ নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।
অন্য দিকে, শ্রীকান্তের হার অনেকটাই অপ্রত্যাশিত। প্রথম গেমে ২২-২৪ ব্যবধানে হারের পর দ্বিতীয় গেমেও ১৫-২১ ব্যবধানে পরাজিত হন তিনি। অথচ দ্বিতীয় গেমে একটা সময় ১২-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতের প্রাক্তন এক নম্বর শাটলার। বিরতির সময়ও তাঁর পক্ষে ছিল ছয় পয়েন্টের ব্যবধান। কিন্তু তার পরেই আচমকা ছন্দপতন।
ওয়াতানাবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। শ্রীকান্তের একের পর এক শট বাইরে যায়, কখনও আবার নেটে আটকে যায়। সেই সুযোগে শেষ ১৯ পয়েন্টের মধ্যে ১৬টি জিতে নেন জাপানের শাটলার। ৩৩ বছরের শ্রীকান্তের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবারই বিশ্বের আট নম্বর কোদাই নারাওকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না তিনি। ফলে এই প্রতিযোগিতায় ভারতের একমাত্র ভরসা এখন লক্ষ্য সেন।
উৎস:




